মশাবাহিত রোগ রোধে পদক্ষেপ কলকাতা পুরনিগমের

স্টাফ রিপোর্টার: বর্ষা শেষ৷ তবুও ডেঙ্গুর থাবা থেকে নিস্তার নেই৷ সম্প্রতি মহানগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের৷ উৎসবের আগে চারদিকে আতঙ্কের পরিবেশ৷ ডেঙ্গু রোধে এবার পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরনিগম৷ প্রথমবার ডেঙ্গু হয়েছে এমন সব অঞ্চলের বাসিন্দাদের রক্ত পরীক্ষা স্বতঃপ্রণোদিত হয়ে করবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ৷

পাশাপাশি কলকাতার সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে ‘স্ট্যান্ডার্ড গাইডলাইন’ মানছে কিনা তাও খতিয়ে দেখবে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য দফতর৷ এর ভিত্তিতেই তৈরি করা হবে একটি রিপোর্ট৷ যা পরে পেশ করা হবে রাজ্য সরকারের কাছে৷ শনিবার ডেঙ্গু বা মশা বাহিত রোগ সংক্রান্ত বৈঠক শেষে জানালেন পুরনিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ।

গতবার বর্ষায় শহর ও দক্ষিণবঙ্গের শহরতলীর আতঙ্কের অপর নাম ছিল ডেঙ্গু৷ প্রাণ গিয়েছিল বহু মানুষের৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে কলকাতা পুরনিগম৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার বর্ষার শুরু থেকেই শহরগুলি পরিষ্কার রাখতে সব পুরসভাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ফলে বর্ষায় মশাবাহিত রোগের প্রকোপ সেই অর্থে শোনা যায়নি৷

কিন্তু গোল বাধে বর্ষা শেষে৷ থাবা বসায় ডেঙ্গি৷ কলকাতায় মৃত্যু পর্যন্ত হয় বেশ কয়েক জনের৷ নড়েচড়ে বসে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ৷ সতর্কতা সত্ত্বেও সরকারি ভবনে জল জমে থাকায় ভর্ৎসনাও করা হয় দমকল, পূর্ত সহ বেশ কয়েকটি দফতরেরে অফিসারদের৷ সচেতন করা হয় নাগরিকদের৷ কিন্তু তারপরও ডেঙ্গু রোধ সম্ভব হয়নি৷

বাস্তব অবস্থা পর্যালোচনা করতে শনিবার মশা বাহিত রোগ ঠেকাতে বৈঠক হয় কলকাতা পুরসভায়৷ বৈঠকে ছিল সিইএসসি, কলাকাতা পুলিশ, দমকল, কেএমডিএ’র আধিকারিকরা৷ বৈঠকে উঠে আসে বহু হাসপাতাল ও নার্সিংহোম পুরসভার ‘স্ট্যান্ডার্ড গাইডলাইন মানছে না৷ ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ছে৷ সিদ্ধান্ত হয় এই বিষয়গুলি এবার খতিয়ে দেখবে পুর আধিকারিকরাই৷ এছাড়া, প্রথমবার ডেঙ্গু হয়েছে এমন সব অঞ্চলের বাসিন্দাদের রক্ত পরীক্ষা স্বতঃপ্রণোদিত হয়ে করবে কলকাতা পুরনিগম৷

The post মশাবাহিত রোগ রোধে পদক্ষেপ কলকাতা পুরনিগমের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Iq6i7R
via IFTTT

Comments