ফের সীমান্ত পেরিয়ে বড়সড় অভিযান চালিয়েছে সেনা?
নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের মধ্যেই ফের গোপনে অভিযান চালাল ভারতীয় সেনা! সবার অলক্ষ্যে ফের হামলা চালানো হয়েছে পাকিস্তানকে টার্গেট করে। এমনই ইঙ্গিত দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বললেন, ‘সীমান্তে কিছু একটা হয়েছে, আমি এখনই কিছু বলব না।’
গত কয়েক মাস ধরেই সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত। দিনকয়েক আগেই এক বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর থেকেই অবস্থার আরও অবনতি হয়। এমনকী পাক বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকও বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ২০১৬-র মত এবারও কী ভারত গোপনে পাকিস্তানকে কড়া জবাব দিয়ে আসবে? এমন প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছিল। আর সেই জল্পনাই এবার উস্কে দিলেন রাজনাথ সিং।
বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং-কে হত্যার ঘটনা প্রসঙ্গে রাজনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ”কুছ হুয়া হ্যায়, ম্যায় বতায়ুঙ্গা নেহি।” ঠিক দু-তিন দিন আগে বড় কিছু একটা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আগামিদিনে আরও অনেক কিছু করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
‘টাইম অফ ইন্ডিয়া’য় প্রকাশিত খবর অনুযায়ী, বিএসএফ সূত্রেও নাকি একথা জানানো হয়েছে যে ভারত ব্যাপক শেলিং-এ জবাব দিয়েছে। আর তাতে ক্ষতিও হয়েছে পাকিস্তানের।
কয়েকিদন আগে রামগড় সেক্টরে ওই বিএসএফ জওয়ানকে নৃশংসভাবে খুন করে পাক সেনা। সীমান্তে নজরদারি চালানোর সময় তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের দিকে। পরে যখন তাঁর দেহ উদ্ধার হয়, তখন দেখা যায় তাঁর শরীরে তিনটি বুলেটের ক্ষত আর গলায় কাটা দাগ। এরপরই সীমান্তে নজরদারি বাড়ানো হয় কয়েকগুণ।
ঘটনার পর সেনাপ্রধান বিপিন রাওয়াতও বলেন, ‘পাকিস্তানকে জবাব দেওয়ার সময় এসেছ।’ নৃশংসভাবে জবাব না দিলেও একই পরিমাণ যন্ত্রণা পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছিলেন তিনি।
এদিকে নিউ ইয়র্কে পাক বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে অস্বীকার করে ভারত। এমনকী পাক মন্ত্রী কুরেশির বক্তব্য না শুনেই হল ছেড়ে বেরিয়ে আসেন সুষমা স্বরাজ। এভাবেই পাকিস্তানকে তাদের ব্যবহারের জবাব দেয় ভারত।
The post ফের সীমান্ত পেরিয়ে বড়সড় অভিযান চালিয়েছে সেনা? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xKG2kn
via IFTTT
Comments
Post a Comment