বাংলাদেশে ‘হিন্দু নির্যাতন’ প্রসঙ্গে সরব অধ্যাপক আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার, কলকাতা: ১৯৪৭ সাল থেকেই ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকেরা নির্যাতিত হন। মাঝেমাঝেই সে সব ঘটনা সংবাদমাধ্যমে আসে, আবার কখনও তা থেকে যায় অন্ধকারে। এবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন অধ্যাপক আনিসুজ্জামান।

বাংলাদেশের দৈনিক ‘প্রথম আলো’য় গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সাক্ষাৎকার৷ তিনি বলেন, “রাষ্ট্রের প্রতি অনাস্থার কারণে অনেক সংখ্যালঘু দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন, এটি দুঃখজনক। কিছুদিন পর পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, এটি পুরোপুরি বন্ধ করতে হবে।”

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ সহ সংখ্যালঘু নির্যাতনে বারংবার সরব হয়েছে বিজেপি। রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শুধু আজ নয়, ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, হয়ে আসছে। এর প্রতিবাদে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারত পশ্চিমবঙ্গের লেখক, গায়ক, ঐতিহাসিকরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীশ্রেণী এই রকম একটি বিষয় নিয়ে বরাবর চুপ।”

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুসারে নির্বাচন নিয়ে আতঙ্কেই রয়েছেন হিন্দুরা। কারণ এমন অনেকেই নির্বাচনে অংশ নেবেন যাদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনে যেন মনোনয়ন না দেয়, তার দাবি তুলেছে বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি।

এক সংখ্যালঘু সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আক্ষেপ করে বলেছেন, “জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, পুলিশ কেন সংখ্যালঘু নির্যাতনে অংশ নেবেন?”

এই বিষয়ে বিজেপির মোহিতবাবু বলেন, “এসব নিয়ে পশ্চিমবঙ্গে কোনদিন আন্দোলন হয় না। কিন্তু বিজেপি বরাবর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করে আসছে। ২০১৫ সালে বিজেপি একটি আইন এনেছে যার মাধ্যমে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দু, বৌদ্ধ সহ সংখ্যালঘুরা ভারতে থাকতে পারবেন।

পাশাপাশি ২০১৬ সালে আর একটি আইন আনার চেষ্টা করা হয়েছে যারা মাধ্যমে এইসব অত্যাচারিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যায়। যদিও আইনটি বিরোধীদের বিরোধিতায় আটকে আছে।”

বাংলাদেশে হিন্দুদের অবস্থা নিয়ে অবশ্য ভিন্নমত রয়েছে বিজেপি’র অন্দরেই৷ বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এসে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‘বাংলাদেশে ভালো আছেন হিন্দুরা।’’

এই বিষয়ে রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের আহ্বায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “একদমই ভুল কথা বলেছেন রূপা। উনি এক-দুদিনের জন্য গিয়েছিলেন৷ ওনাকে যা রিপোর্ট করা হয়েছিল তার ভিত্তিতে উনি তাৎক্ষণিক কিছু একটা বলেছিলেন। যা একেবারেই ঠিক নয়।”

The post বাংলাদেশে ‘হিন্দু নির্যাতন’ প্রসঙ্গে সরব অধ্যাপক আনিসুজ্জামান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IsTWf8
via IFTTT

Comments