স্কুল চলাকালীন ভোটার তালিকার কাজ করবেন না শিক্ষকরা : হাইকোর্ট
স্টাফ রিপোর্টার, কলকাতা: গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ ভোটার তালিকায় সংযোজন, বিয়োজন এবং সংশোধনের কাজে স্কুলের পঠন পাঠনের সময় শিক্ষকদের নিযুক্ত করা যাবেনা। তবে ছুটির দিন কাজ করতেই পারেন শিক্ষকরা। শুক্রবার একথা জানিয়ে দিল হাইকোর্ট৷
বিচারপতি তপোব্রত চক্রবর্তী এদিন তাঁর রায়ে নির্দেশ দেন স্কুলের পড়াশোনার সময়ের ব্যাঘাত ঘটিয়ে কোনওভাবেই ভোটের কাজে শিক্ষকদের নিয়োগ করতে পারবে না নির্বাচন কমিশন৷ এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ৷
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই শিক্ষকরা চাইছিলেন ভোটের কাজে যেন তাঁদের নিযুক্ত করা না হয়। সামনেই ২০১৯ লোকসভা নির্বাচন৷ আর তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যের যে সমস্ত ভোটকেন্দ্র রয়েছে, সেখানেই ভোটার তালিকা সংশোধন ও বিয়োজনের কাজ শুরু করে৷ কিন্তু দেখা যায় রাজ্যের অধিকাংশ ভোটকেন্দ্রই স্কুল। যা এখন চালু রয়েছে৷ সেখানে পঠন পাঠনে ব্যাঘাত ঘটতে শুরু করে৷
এই সমস্যার কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন প্রাথমিক শিক্ষক৷ হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁরা৷ শুক্রবার ছিল সেই মামলার শুনানি৷ এই মামলার রায়দান করতে গিয়েই সমস্যাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ।
শিক্ষকদের দাবি ছিল পঠন-পাঠনের সময়ে ভোটের কাজ তাঁরা কেন করবেন ? এটা আইনবিরুদ্ধ। তাঁদের এই দাবিতে সিলমোহর দিয়েছে আদালত৷ জানিয়েছে স্কুলের সময়ে ভোটের কাজ করা যাবে না৷
প্রসঙ্গত, গত ২০শে অগাস্ট নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ১লা সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার কাজ চলবে। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি আধিকারিকরা বিভিন্ন জায়গায় শিক্ষকদের এই কাজে নিযুক্ত করার নোটিশ দেন। নোটিশ অনুযায়ী রোজ সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই কাজ করতে হবে। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই কাজ করতে হবে। তবে এই নোটিশের বিরোধিতা করেন শিক্ষকরা৷ তাদের দাবি স্কুলের সময়ে ভোটার তালিকার কাজ করলে পড়াশোনার ক্ষতি হচ্ছে৷ এই বিজ্ঞপ্তি বদলের আরজি জানান তাঁরা৷
The post স্কুল চলাকালীন ভোটার তালিকার কাজ করবেন না শিক্ষকরা : হাইকোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QeMZkH
via IFTTT
Comments
Post a Comment