বেহাল সেতু, বালুরঘাটের ব্রীজকালি দিয়ে ভারী যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: জরাজীর্ণ ফাটল ধরা ব্রিজ৷ ঝুঁকি নিতে চায় না প্রশাসন৷ সতর্কতামূলক পদক্ষেপ প্রশাসনের৷ সোমবার থেকেই ৫১২ নম্বর জাতীয় সড়কের বালুরঘাটের মঙ্গলপুরের ব্রিজকালি ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷

খুব দ্রুত যাতে এই ব্রিজের সংস্কারের কাজ শুরু হয় সেদিকেই লক্ষ্য রেখেছেন প্রশাসনিক অধিকারিকরা৷ মঙ্গলবার থেকে সপ্তাহ তিনেকের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সত্তরের দশকে তৈরি সেতুটি সংস্কার না হওয়ায় অত্যন্ত বিপজ্জনক অবস্থা হয়ে রয়েছে৷ আর সংস্কারহীন জরাজীর্ণ ব্রিজ নিয়ে ভীষণ আতংকে দিন কাটাচ্ছেন বালুরঘাটের মানুষ৷

আরও পড়ুন: রাত দু’টোয় উঠল অবরোধ

আত্রেয়ী খাঁড়ির উপর অবস্থিত জাতীয় সড়কের এই সেতুর উপর দিয়ে বালুরঘাট থেকে মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি ও কলকাতা রুটে কয়েক’শো যানবাহন চলাচল করে। সেই সঙ্গে বাংলাদেশে রপ্তানি বাণিজ্য সহ বালুরঘাট শহরের পণ্য-বোঝাই লরিও এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে।

দীর্ঘদিন ধরে কোনও সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ব্রিজটিতে ফাটল ধরেছে৷ সেতুর গা থেকে গজিয়েছে বট, পাকুড় সহ বিভিন্ন গাছ। এমনকি সেতুর দু’পাশ বসেও গিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ৷ বালুরঘাট পুরসভার তরফে বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এত দিন কাজ কিছুই হয়নি৷

আরও পড়ুন: হাওড়াতেও কি বিসর্জনে কার্নিভ্যাল?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রিজটির মেরামতির কাজ শুরু করার জন্য জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে৷ যাতে তার উপর দিয়ে যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয় জেলা প্রশাসন৷ এর পরেই সোমবার জেলার পরিবহণ দফতর ও ট্রাফিক পুলিশ বৈঠকে বসে৷

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলপুরের ব্রিজটির উপর দিয়ে বাস, মিনিবাস, ট্রাক ও ট্রেকার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। এক্ষেত্রে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে গঙ্গারামপুর কুমারগঞ্জ তথা কলকাতা-শিলিগুড়ি রুটের সমস্ত সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাস, মিনিবাস রঘুনাথপুর এলাকায় বিএম স্কুলের কাছ থেকে চলাচল করবে৷ তবে ফের ১০ অক্টোবরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷

পাশাপাশি বালুরঘাট থেকে ট্রেকারগুলি শহরের ডানলপ মোড় হয়ে থানা মোড় দিয়ে চলাচল করতে পারবে৷ অন্যদিকে, অ্যাম্বুলেন্স ও চার চাকার ছোট গাড়িগুলি একমুখী ভাবে চলবে বলেও নিষেধাজ্ঞায় উল্লেখ রয়েছে।

The post বেহাল সেতু, বালুরঘাটের ব্রীজকালি দিয়ে ভারী যান চলাচল বন্ধ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DqgvTa
via IFTTT

Comments