ইমরান আসলে ‘তালিবান’ খান! সমাজকর্মীর মন্তব্যে বিতর্ক

জেনেভা: সুশাসন তৈরির করার স্বপ্ন দেখালেও, পাকিস্তানের চরিত্র বদলায়নি৷ কারণ ক্ষমতায় যিনি রয়েছেন তিনি শুধু প্রতিশ্রুতি দিতে পারেন, কোনও কাজের কাজ তাঁকে দিয়ে হয় না৷ তিনি আসলে ইমরান খান নন, তিনি ‘তালিবান’ খান৷ এই ভাষাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করলেন পাক অধিকৃত কাশ্মীরের মানবাধিকার কর্মীরা৷

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে তাঁরা বলেন পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচার দিন দিন বাড়ছে৷ প্রতিমুহুর্তে সেখানে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার৷ ইমরান খানের ভুল নীতির জন্য বিপথে চালিত হচ্ছে পাকিস্তান৷ ভুল পথ দেখাচ্ছে ইসলামাবাদ৷

পড়ুন: অর্থনীতিকে চাঙ্গা করতে ৪০০ কোটি ডলারের বেশি লোন করছে পাকিস্তান

মানবাধিকার কর্মীদের দাবি খাইবার পাখতুনখোওয়ার মাদ্রাসা গুলির উন্নতির জন্য ৩০ কোটি টাকা দিয়েছেন ইমরান৷ অথচ এই মাদ্রাসাগুলি জঙ্গি মনোভাব পোষণ করে৷ এই মাদ্রাসাগুলি সেখানে তালিবান বিশ্ববিদ্যালয় হিসেবেই পরিচিত৷ এবং এই অর্থ আসছে নিয়ম বহির্ভূত ভাবে৷ তাহলে কেন এই ধরণের পদক্ষেপ পাক প্রধানমন্ত্রীর? প্রশ্ন তুলেছেন তাঁরা৷

মানবাধিকার কর্মীদের দাবি এই অর্থ পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নের কাজে তো লাগছেই না, উলটে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে৷ সন্ত্রাসবাদকে উসকানি দেওয়া হচ্ছে৷ পাক অধিকৃত কাশ্মীর এখন তাই সন্ত্রাসবাদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে দাবি করেছেন এই মানবাধিকার কর্মীরা৷ কাশ্মীরের বিভিন্ন অংশে এখান থেকেই সন্ত্রাস ছড়াচ্ছে৷ জঙ্গিরা প্রশিক্ষণ পাচ্ছে এখান থেকেই বলে অভিযোগ তাঁদের৷ তাঁদের দাবি পাক অধিকৃত কাশ্মীরের প্রতি পাকিস্তানের মনোভাব কোনও অংশে পরিবর্তিত হয়নি৷ ক্ষমতার বদল হলেও, নীতির বদল হয়নি৷

পড়ুন: যুদ্ধের যুগ শেষ হয়ে গিয়েছে! বিস্ফোরক মন্তব্য কিমের

এর আগে, এই ইস্যু নিয়েই পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং৷ তিনি বলেন পাকিস্তানে এখনও সেনাবাহিনীর শাসনই চলছে৷ পরিস্থিতির কোনও পরিবর্তনই হয়নি সেদেশে৷ কারণ পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর হাতের পুতুল হয়েই দেশ চালাচ্ছেন৷

ভি কে সিং বলেন ইমরান খান ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছেন৷ তবে শুকনো কথায় চিঁড়ে ভেজে না৷ পাকিস্তান কী ধরণের পদক্ষেপ নিচ্ছে, তা খতিয়ে দেখে, বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত৷ আগে থেকে কোনও মন্তব্য ভারত করতে চায়না বলে এদিন জানান তিনি৷ তাঁর পরামর্শ ধৈর্য ধরে দেখতে চায় নয়াদিল্লি৷

তবে বিদেশমন্ত্রকের মত ইমরান খানকে নিয়ন্ত্রণ করছে পাক সেনা৷ তাই অবস্থার বদল খুব একটা আসবে না বা ইমরান খান বদল আনতে চাইলেও, পাক সেনা তা হতে দেবে না৷ মন্ত্রীর কথায় পাকিস্তান সেনাবাহিনী ইমরান খানকে নিয়ন্ত্রণ করে, নাকি তিনি পাক সেনাকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হন, তা সময়ই বলবে৷ তাই ভারত পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে৷

The post ইমরান আসলে ‘তালিবান’ খান! সমাজকর্মীর মন্তব্যে বিতর্ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xEVEFv
via IFTTT

Comments