ভারত বন্ধের সমর্থনে রায়গঞ্জে কংগ্রেসের মিছিল

স্টাফ রিপোর্টার, রায়গঞ্জ: জাতীয় কংগ্রেসের ডাকা ভারত বন্ধের সমর্থনে রায়গঞ্জ শহরে মিছিল করল জেলা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে পুরোভাগে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি ও জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত। এছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব সভাপতি তুষার গুহ, ছাত্র পরিষদ সভাপতি নব্যেন্দু ঘোষ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি, মহিলা কংগ্রেস নেত্রী নার্গিস খাতুন, চাকুলিয়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মোস্তাফি সহ প্রায় পাঁচ শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা অংশ নেয়।

দীপা দাসমুন্সি জানান, কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে জ্বালানী গ্যাস ও তেলের দাম। তেলের দামের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ ফলে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। আগামী ১০ সেপ্টেম্বর ভারত জুড়ে বন্ধ ডাকা হয়েছে। সাধারণ মানুষকে এই বন্ধ সমর্থনের জন্য আমরা আহ্বান জানিয়েছি।

জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, আগামী ১০ সেপ্টেম্বর বন্ধের দিন কংগ্রেস কর্মীরা বন্ধের সমর্থনে রাস্তায় নামবে। সমস্ত মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বন্ধে সামিল হন তার আহ্বান জানান তিনি।

The post ভারত বন্ধের সমর্থনে রায়গঞ্জে কংগ্রেসের মিছিল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NrmVoS
via IFTTT

Comments