কর্ণাটকে দল ছাড়তে রাজি বহু বিজেপি বিধায়ক: কংগ্রেস
সৌমেন শীল, বেঙ্গালুরু: দল ভাঙানোর চেষ্টা করলে কিছুতেই লাভবান হবে না বিজেপি। উলটে বিপরীত প্রতিক্রিয়ায় কারণে ফল ভুগতে হতে পারে। কেন্দ্রের শাসক তথা রাজ্যের বিরোধী দলকে হুঁশিয়ারী দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
দল ভাঙানো নিয়ে রাজ্য জুড়ে চলছে চাপা আতংক। এই রাজনৈতিক জটিলতার মাঝে পদ্ম শিবিরকে পালটা হুমকি দিয়ে রাখলেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাও। আরও জানিয়ে দিলেন যে দল ভাঙানোর চেষ্টা করলে ফল ভালো হবে না। অনেক বিজেপি বিধায়ক দল ছাড়তে তৈরি বলেও জানিয়েছেন তিনি।
গত মে মাসে কর্ণাটক রাজ্যে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই সুযোগে জোটবদ্ধ হয়ে সরকার গড়েছে যুযুধান দুই রাজনৈতিক দল কংগ্রেস এবং জেডি(এস)। মুখ্যমন্ত্রী হয়েছেন জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী। কংগ্রেস নেতা ডাঃ জি পরমেশ্বর হয়েছে উপ মুখ্যমন্ত্রী।
নির্বাচনের আগে কাদা ছোঁড়াছুঁড়ি করার পরে একসঙ্গে সরকার চালানো খুব একটা সুখকর হচ্ছে না দুই পক্ষের। ইতিমধ্যেই মন্ত্রিত্ব নিয়ে বিদ্রোহ করেছেন অনেক কংগ্রেস নেতা। রাজধানী বেঙ্গালুরুতে জোট সরকারের বিরুদ্ধে অনুগামীদের বিক্ষোভও দেখিয়েছিলেন এক কংগ্রেস বিধায়ক। উভয় দলের শীর্ষ নেতৃত্বের কাছেই জোট সরকার টিকিয়ে রাখা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে উভয় পক্ষই আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত জোট টিকিয়ে রাখতে আগ্রহী।

এই অভ্যন্তরীণ কোন্দলকে হাতিয়ার করেই কর্ণাটকের জোট সরকারকে ভাঙতে চাইছে বিজেপি। ১৫ই মে ফল ঘোষণার দিন থেকেই পদ্ম শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে কংগ্রেস এবং জেডি(এস)। এই ভয়ে ফল ঘোষণার পর সরকার গঠন পর্যন্ত দলীয় বিধায়কদের সরিয়ে ফেলেছিল দুই দলই। অন্যদিকে সরকার গড়তে না পারলেও অদূর ভবিষ্যতে জোত সরকার ভেঙার কথা বারবার শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের মুখে।
এই নিয়েই চাপা আতংক ছড়ায় কর্ণাটকের রাজনীতির অন্দরে। এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাও। তিনি বলেছেন, “বিজেপি যদি ভাবে যে কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নেবে তাহলে খুব ভুল ভাবছে।” একই সঙ্গে তিনি আরও বলেন, “বিজেপির সাত থেকে আট জন বিধায়ক নিজের দল ছাড়তে প্রস্তুত রয়েছেন। এবং তাঁরা কংগ্রেস-জেডি(এস) জোট সরকারকে সমর্থন করতেও প্রস্তুত। এটা বিজেপি নেতারা জানলে খুব অবাক হবে।”

যদিও দল ভাঙানোর খেলায় কংগ্রেস বিশ্বাস করে না এবং তেমন কিছু করার কথা কংগ্রেস ভাবছে না বলেও জানিয়ে দিয়েছেন দীনেশ গুণ্ডু রাও। তাঁর কথায়, “অন্য দল থেকে বিধায়ক ভাঙিয়ে আনা অনৈতিক। কোনও অনৈতিক কাজ আমরা করব না।” কিন্তু বিজেপি দল ভাঙাতে চাইলে যে কংগ্রেস ছেড়ে কথা বলবে না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “বিজেপি দল ভাঙানোর চেষ্টা চালিয়ে গেলে আমরাও চুপ করে বসে থাকব না।”
The post কর্ণাটকে দল ছাড়তে রাজি বহু বিজেপি বিধায়ক: কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N7YMUH
via IFTTT
Comments
Post a Comment