শাস্ত্রীকে ভারতের অতীত রেকর্ড স্মরণ করালেন গাভাসকর

মুম্বই: টিম ইন্ডিয়ার ব্যর্থতাতেও কোচ রবি শাস্ত্রীর বুক ফুলিয়ে ঘোরার বিষয়টি সোশ্যাল মিডিয়ার সুনজরে ছিল না কখনই৷ এজবাস্টন ও লর্ডস টেস্টে হারের পর কুম্বলেকে সরিয়ে শাস্ত্রীকে কোচ করার কুফল নিয়ে সোচ্চার হয়েছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী৷

টেস্ট সিরিজ হারের পর সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচ শাস্ত্রী ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কৈফিয়ৎ দাবি করেন৷ সঙ্গে রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় শাস্ত্রীর মেনে না নেওয়ার প্রসঙ্গটিও উত্থাপন করেন তিনি৷ তার আগে হরভজন সিংও প্রশ্ন তুলেছিলেন শাস্ত্রীর ভূমিকা নিয়ে৷

সেই কোরাসে যোগ দিয়ে বীরেন্দ্র সেহওয়াগ ভারতীয় কোচের গালভরা বক্তব্যের বিরোধিতা করেন৷ বীরু স্পষ্ট জানান, মাঠের পারফরম্যান্স দিয়েই সেরা সফরকারী দলের বিচার হয়ে৷ মাঠের বাইরে বসে বড় বড় কথা বললেই সেরা সফকারী দল হওয়া যায় না৷

উল্লেখ্য, ইংল্যান্ড সফরের আগে শাস্ত্রী দাবি করেছিলেন কোহলির নেতৃত্বাধীন এই দলটাই ভারতের সর্বকালের সেরা সফরকারী দল৷ সেহওয়াগের মন্তব্য সামনে আসার পর শাস্ত্রী পাল্টা দেওয়ার সুরে পুনরায় জানান, গত ১৫-২০ বছরে তাবড় তাবড় ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও ভারতীয় দল বিদেশে এত ম্যাচ জেতেনি, যতগুলো এই ভারতীয় দল জিতেছে৷

ভারতীয় কোচের এই তুলনা টানার প্রসঙ্গকে শাস্ত্রীর অপরিণত মন্তব্য বলে সৌরভ পুনরায় আক্রমণ করার দিনেই আসরে নামলেন সুনীল গাভাসকর৷ একদা শাস্ত্রীর সতীর্থ ও অধিনায়ক হিসাবে মাঠে নামা সানি টিম ম্যানেজমেন্টের ভুল-ভ্রান্তি নিয়ে অল্প-বিস্তর সমালোচনা করে আসছেন বরাবরই৷ এবার শাস্ত্রীর সর্বকালের সেরা সফরকারী দল এবং গত ১৫-২০ বছরে সবথেকে বেশি বিদেশে ম্যাচ ও সিরিজ জেতা দলের দাবিকে নস্যাৎ করে তাঁকে টিম ইন্ডিয়ার অতীত রেকর্ড স্মরণ করিয়ে দিলেন গাভাসকর৷

শাস্ত্রীর দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে গাভাসকর বলেন, তাঁর সময়েও ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল৷ সানি আরও মনে করিয়ে দেন যে, রাহুল দ্রাবিড়ের দলও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে৷

The post শাস্ত্রীকে ভারতের অতীত রেকর্ড স্মরণ করালেন গাভাসকর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NUJrU2
via IFTTT

Comments