ইসলামপুরে মৃত আরও এক ছাত্র! বিজেপির ডাকা বনধ ঘিরেও উত্তেজনা
কৌশিক চট্টোপাধ্যায়, ইসলামপুর: দ্বারিভিট স্কুলে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল আরও একজনের৷ নাম তাপস বর্মন (১৬)৷ এই স্কুলেরই দশম শ্রেণির পড়ুয়া ছিল সে৷ বৃহস্পতিবার পুলিশ ও পড়ুয়াদের মধ্যে গণ্ডগোল চলাকালীন জখম হয় তাপস৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে৷ শুক্রবার ভোরের দিকে সেখানেই তার মৃত্যু হয়৷ এটা অত্যন্ত স্পষ্ট যে ইসলামপুরের এই ঘটনাকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ৷ সঙ্গে রং গাঢ় হচ্ছে রাজনীতির৷ শুক্রবার উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি৷
আরও পড়ুন: উত্তাল দীঘার সমুদ্র, জারি হল সতর্কতা
বনধে মিশ্র প্রভাব জেলায়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ, উত্তেজনার খবর নজরে আসছে৷ রায়গঞ্জে দু’টি সরকারি বাসে ভাঙচুর করা হয় বলে খবর৷ এ নিয়ে পরিস্থিতি যথেষ্ট গরম সকাল থেকেই৷ অভিযোগ, এদিন সকাল সাতটা নাগাদ রায়গঞ্জের রূপাহারে এনবিএসটিসির বাস আটকে সমস্ত যাত্রীদের নামিয়ে বাস ভাঙচুর করে বনধ সমর্থনকারীরা৷ ইসলামপুরেও কমবেশি প্রভাব পড়েছে এই বনধের৷ তবে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে বনধের প্রভাব ভালোমতই পড়েছে৷
বৃহস্পতিবার ইসলামপুরের দ্বারিভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পড়ুয়াদের সঙ্গে ঝামেলা বাধে পুলিশের৷ পড়ুয়াদের পাশে দাঁড়ায় সাধারণ মানুষ৷ স্কুলে উর্দু শিক্ষকের বদলে বাংলা শিক্ষক চাই-এই দাবি নিয়ে মঙ্গলবার থেকে দ্বারিভিট স্কুলে চলছে চাপানউতোর৷ প্রধানশিক্ষককে নিজেদের বক্তব্য সাফ জানায় পড়ুয়ারা৷ তাদের দাবি ছিল, স্কুলে কোনও উর্দু পড়ুয়া নেই৷ তাহলে সে বিষয়ে শিক্ষক নিয়োগের কী প্রয়োজন৷ বরং বাংলা, বিজ্ঞান, ভূগোলের শিক্ষক নিয়োগ করা হোক৷
আরও পড়ুন: অস্ত্র পুজো করে বিতর্কের কেন্দ্রে বিধায়ক, ভাইরাল ছবি!
এই সবকিছুর মধ্যেই বৃহস্পতিবার দুই উর্দু শিক্ষক স্কুলে যোগ দিতে এলে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র, ছাত্রীরা৷ পথঅবরোধ কর্মসূচি নেয়৷ সেখানেই পুলিশ জমায়েত ছত্রখান করতে গেলে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বাধে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, কাদানে গ্যাস ছোঁড়ে বলে অভিযোগ৷ পাল্টা বিক্ষোভকারীরা ইঁট ছুঁড়তে শুরু করে৷ রণক্ষেত্র পরিস্থিতির মধ্যে চলে গুলি৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ছাত্রের৷ শুক্রবার ভোরে মারা যায় আরও এক ছাত্র তাপস বর্মন৷ স্থানীয়দের অভিযোগ, গুলি চালিয়েছে পুলিশ৷ কিন্তু জেলা পুলিশ সূত্রে খবর, গুলি চালানো হয়নি৷
বাকি আহতরা এখনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি৷ হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁরা স্থিতিশীল৷ তবে মারাত্মক জখম অবস্থায় তাপস বর্মনকে বৃহস্পতিবার রাতে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল৷ চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করতে পারলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি৷ এদিকে বনধের সকালে বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী অভিযোগ করেন, পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনার প্রকৃত তদন্ত না করে বনধ সমর্থনকারীদের গ্রেফতার করছে পুলিশ৷ এখনও পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে৷
অন্যদিকে বৃহস্পতিবার রাতেই ডিআইকে সাসপেন্ড করার কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রীর কথায়, ডিআই নিজের ইচ্ছেমত কাজ করেছেন৷ শিক্ষাদফতরকে অন্ধকারে রেখে নতুন শিক্ষক নিয়োগ করেছেন৷ আর এই কাজে ইন্ধন দিয়েছে আরএসএস৷ পার্থ বলেন, “এই ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না৷ শিক্ষক নিয়োগের বিষয়টি জটিল করে তোলা হয়েছে, এই ঘটনা এড়ানো যেত৷ কিন্তু ডিআই জেলা প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন৷’’ তাই অবিলম্বে তাকে সাসপেন্ড করে, ডিআই প্রাইমারিকে আপাতত দায়িত্ব দেওয়া হল বলে জানান তিনি৷
আরও পড়ুন: নৌকাডুবিতে নিহত ৪২, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
The post ইসলামপুরে মৃত আরও এক ছাত্র! বিজেপির ডাকা বনধ ঘিরেও উত্তেজনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xMwoxd
via IFTTT
Comments
Post a Comment