ধর্মীয় মেলায় নিরাপত্তা দিতে খোঁজ নিরামিষাশী পুলিশের
লখনউ: সৎ চরিত্রবান, মৃদুভাষী, নিরামিষাশী, কর্মশক্তিতে ভরপুর, কম বয়সী পুলিশ কর্মী ও অফিসার চাই৷ এটা কোনও ম্যাট্রিমনিয়াল বিজ্ঞাপন নয়৷ এমন গুণের অধিকারী পুলিশের খোঁজ শুরু হয়েছে উত্তরপ্রদেশ জুড়ে৷ কারণ বছর ঘুরলেই এলাহাবাদে শুরু হবে মেগা ইভেন্ট, কুম্ভমেলা৷ ঢল নামবে পুণ্যার্থীর৷ আর তাদের নিরাপত্তায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হবে প্রশাসনকে৷
ধর্মপ্রাণ হিন্দুরা কুম্ভমেলায় শাহী স্নান করতে আসে৷ মেলার পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে কুম্ভমেলা প্রশাসন ঠিক করেছে উল্লিখিত গুণাবলী রয়েছে এমন নিরাপত্তা কর্মী মেলায় মোতায়েন করা হোক৷ পুলিশ কর্মীদের নিরামিষাশী তো হতেই হবে সেই সঙ্গে তাদের মদ ও ধুম্রপান করা একেবারেই চলবে না৷ উর্ধ্বতন পুলিশ অফিসারের দেওয়া ক্যারেকটার সার্টিফিকেট থাকতে হবে৷ এতে প্রমাণ হবে সংশ্লিষ্ট পুলিশ কর্মী সৎ চরিত্রের৷ তাঁর আমিষ খাওয়া চলবে না৷ এছাড়া এলাহাবাদের নন এমন পুলিশ কর্মীদেরই মেলায় নিরাপত্তার দায়িত্বে রাখা হবে৷

আগামী বছর ১৫ জানুয়ারি থেকে এলাহাবাদে শুরু হবে কুম্ভ মেলা৷ কিন্তু এখন থেকেই মেলার প্রস্তুতি ও নিরাপত্তায় কোমর বেধে নেমে পড়েছে প্রশাসন৷ জানা গিয়েছে, মেলার জন্য শুধু ১০ হাজার পুলিশ কর্মী ইউনিফর্মে থাকবে৷ অক্টোবর থেকেই ধাপে ধাপে তাদের মোতায়েন করা শুরু হবে৷
বয়সের সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ যেমন কনস্টেবলের বয়স হতে হবে ৩৫ এর নিচে৷ হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও ইন্সপেক্টরের বয়স হবে যথাক্রমে ৪০ ও ৪৫ বছর৷ কুম্ভ মেলার দায়িত্বে থাকা ডিআইজি কে পি সিং জানান, বৈরেলি, বাদুয়ান, শাহজাহানপুর ও পিলিভিটের এসএসপিদের চিঠি লিখে ওই গুণগুলি রয়েছে এমন পুলিশ কর্মীর সন্ধান চাওয়া হয়েছে৷
The post ধর্মীয় মেলায় নিরাপত্তা দিতে খোঁজ নিরামিষাশী পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OToZDl
via IFTTT
Comments
Post a Comment