‘‘তেলের দাম কমিয়ে মরদেহে আতর ছেটাচ্ছেন দিদি’’

স্টাফ রিপোর্টার, বহরমপুর: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি লিটার তেলে এক টাকা কমিয়েছেন৷ আর এই বিষয়কে নিয়েই এবার রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ বুধবার বিকালে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভাতেই তেলের দাম কমানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘তেলের দাম কমিয়ে মরদেহে আতর ছেটাচ্ছেন দিদি৷’’

তিনি বলেন, ‘‘দিদি বলেছিলেন বনধ করে কোনও লাভ নেই৷ এতে রাজ্যের আর্থিক অবস্থা শুধু খারাপ হবে৷ আর কিছু হবে না৷ কিন্তু এই বনধের ফলে তেমন লাভ না হলেও কিছুটা লাভ হয়েছে৷ মূল্যবৃদ্ধির বাজারে রাজ্য সরকার তো এক টাকা দাম কমাতে বাধ্য হয়েছেন। দিদি এক টাকা তেলের দাম কমিয়ে বোঝাতে চাইলেন তিনি কত উদার৷ তিনি মরদেহে আতর ছড়ালেন৷ আর সেটাকে সুগন্ধি করার চেষ্টা করছেন।’’

অন্যান্য রাজ্যে ইতিমধ্যে প্রতি লিটার তেলে দেড় টাকা, দু’টাকা এমনকি আড়াই টাকাও কমানো হয়েছে৷ এই সূত্রকে টেনে এনে তিনি বলেন, ‘‘দিদি এক টাকা কমালে হবে না৷ তেলের দাম আরও কমান৷ কারণ অন্যান্য রাজ্যে যেখানে শুধুমাত্র সেল ট্যাক্স ও ভ্যাট নেওয়া হয়, সেখানে আপনি অ্যাডিশনাল সার্চার চার্জও নেন। যেটা দেশের কোনও রাজ্য এই চার্জ নেয় না। তাই দিদি আপনি তেলের দাম মাত্র এক টাকা কমিয়ে দয়া দেখাবেন না৷ তেলের দাম আরও কমান। এক টাকা কমিয়ে আপনি দয়া করে মরার গায়ে আতর ছেটাবেন না।’’

The post ‘‘তেলের দাম কমিয়ে মরদেহে আতর ছেটাচ্ছেন দিদি’’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CRvaXa
via IFTTT

Comments