বেঞ্জেমার জোড়া গোলে লেগানেস বধ রিয়ালের

মাদ্রিদ: রোনাল্ডোকে ছাড়াই তরতরিয়ে এগোচ্ছে রিয়াল মাদ্রিদের বিজয়রথ। প্রথম দু’ম্যাচ জয়ের পর লা লিগার তৃতীয় ম্যাচেও সহজেই জয়ের বৈতরণী পেরিয়ে গেল স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠে লেগানেসকে কার্যত উড়িয়ে দিল তারা। খেলার ফল রিয়ালের পক্ষে ৪-১। জোড়া করলেন করিম বেঞ্জেমা। একটি করে গোল করলেন গ্যারেথ বেল এবং সার্জিও রামোস।

গত মরসুমে উয়েফার বর্ষসেরার সব’কটি বিভাগেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। স্বভাবতই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই এদিন মাঠে নামেন মদ্রিচরা। প্রত্যাশামতই শুরু থেকে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় ইউরোপ চ্যাম্পিয়নরা। ১৭ মিনিটে সার্জিও রামোসের দুরন্ত ক্রস ফিল্ড পাস বেলের জন্য হেডারে নামিয়ে দেন ড্যানি কার্ভাহাল। ১২ গজ দূর থেকে সাজানো বলে ডান পায়ে দুরন্ত ভলি নেন গ্যারেথ বেল। শরীর শূন্যে ছুঁড়ে দিয়েও দলের পতন রোধ করতে পারেননি লেগানেস দূর্গের শেষ প্রহরী। এগিয়ে যায় রিয়াল।

যদিও সাত মিনিট বাদে নিজেদের বক্সে লেগানেসের এক ফুটবলারকে অবৈধভাবে বাধা দেন ক্যাশেমিরো। পেনাল্টি পায় লেগানেস।
থিবো কুর্তোয়াকে সহজেই পরাস্ত করে লেগানেসকে ম্যাচে সমতায় ফেরান ক্যারিলো। গোল হজম করে আক্রমণে গতি বাড়ায় ৩৩ বারের লিগ জয়ীরা। তবে কাঙ্খিত গোল তুলে নিয়ে প্রথমার্ধে আর এগিয়ে যেতে পারেনি তারা।

এরপর দ্বিতীয়ার্ধে প্রথম ২০ মিনিটের একটা স্পেলে বিপক্ষকে মাটি ধরিয়ে দেন রিয়ালের ফুটবলাররা। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে আসেনসিও’র ভাসানো ক্রসে দুরন্ত হেডে গোল করেন ফরাসী স্ট্রাইকার বেঞ্জেমা। তবে গোল করার সময় বিপক্ষ ফুটবলারকে ফাউলের সন্দেহে ভিএআরের সাহায্য নিতে হয় রেফারিকে। সেখানে বেঞ্জেমার গোলকে বৈধ মান্যতা দেন রেফারি।

৬১ মিনিটে বেঞ্জেমার দ্বিতীয় গোল রিয়ালের দুর্দান্ত টিমগেমের ফসল। পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে ফরাসী স্ট্রাইকারের মাটি ঘেঁষা আগুয়ান শট বিপক্ষ গোলরক্ষকের নাগাল এড়িয়ে জড়িয়ে যায় জালে। সেইসঙ্গে টানা দু’ম্যাচে জোড়া গোল করে রোনাল্ডোহীন রিয়ালের ভরসা হয়ে উঠছেন বেঞ্জেমা।

বেঞ্জেমার দ্বিতীয় গোলের ঠিক চার মিনিট বাদে বক্সের মধ্যে আসেনসিওকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করে স্কোরশিটে নাম তুলে নেন অধিনায়ক রামোস। ম্যাচের ললাটলিখন স্পষ্ট হয়ে যায় ওখানেই। বাকি সময়টা রিয়ালের দুর্গ পেরিয়ে আর গোলমুখ খোলা হয়ে ওঠেনি লেগানেসের। ফলে ৪-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন বেঞ্জেমা, বেলরা।

টানা তৃতীয় ম্যাচে জয়, পাশাপাশি টানা দু’ম্যাচে চার গোল করে আপাতত লিগ টেবিলের শীর্ষে লস ব্ল্যাঙ্কোসরা।

The post বেঞ্জেমার জোড়া গোলে লেগানেস বধ রিয়ালের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wBW1AK
via IFTTT

Comments