নতুন করে ভাঙন, ফরাক্কায় গঙ্গাবক্ষে ২০টি বাড়ি

ফরাক্কা: নতুন করে গঙ্গার গ্রাসে ফরাক্কার ২০টি বাড়ি৷ নদী ভাঙনে তলিয়ে গিয়েছে বাড়িগুলি৷ নদী ভাঙনের জেরে পুজোর মুখে বাড়ছে ভিটেহারা পরিবারের সংখ্যা৷ বুধবারের পর শুক্রবার সকালে ফের ফরাক্কায় গঙ্গার পার ভাঙতে শুরু করে৷ হোসেনপুর চর এলাকায় সর্বস্ব খোয়ায় ২০টি পরিবার৷

নদী ভাঙন মুর্শিদাবাদ জেলার একটি বড় সমস্যা৷ এবং প্রতি বছরই এই ঘটনা ঘটে৷ বর্ষা এলেই প্রমাদ গোনেন জেলার মানুষ৷ যেকোনও সময় ঘটতে পারে বিপত্তি৷ সব খুইয়ে পথে বসতে হতে পারে পরিবারগুলিকে৷ বর্ষার সময় এই গঙ্গার ভাঙনের প্রবনতা চরম রূপ নেয়। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই ভাঙন। কয়েক দিন আগে ভাঙন দেখা দিয়েছিল ফরাক্কার হোসেনপুর চর এলাকায়৷

এরপর দফায় দফায় বুধবার ও শুক্রবার সকাল থেকে আগ্রাসী রূপ ধারণ করে গঙ্গা৷ ভাঙনের কবলে চলে যায় কয়েকশো মিটার এলাকা। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভাঙন। শুক্রবার ভাঙনের কবলে পড়ে গঙ্গাবক্ষে তলিয়ে যায় প্রায় ২০টি বাড়ি। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামকে গ্রাম তলিয়ে যাবে জলের তলায়, আশঙ্কা এলাকাবাসীর৷

গৃহহীন পরিবারগুলি আপাতত মাথা গুঁজছে স্থানীয় বিদ্যালয়গুলিতে৷ গঙ্গা তীরের মানুষজন এখন উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন৷ কে জানে কখনও ফুঁসে ওঠে গঙ্গা! ছিনিয়ে নেয় সবকিছু! ভাঙনের কবলে পড়া এক মহিলা জানালেন, ‘‘আমাদের নিজের বাড়ি ছিল৷ চোখের সামনে ভেঙে যেতে দেখলাম। কিছু জিনিস সরাতে পারিনি৷ এখন খোলা আকাশের নিচে নেমে এসেছি৷ কী খাব, কোথায় থাকব কিছু জানি না৷’’

দুর্গতদের অভিযোগ, ঘরবাড়ি হারিয়ে ফাঁকা মাঠে ঠাঁই নিতে হয়েছে৷ প্রশাসনের লোকজন আসে৷ দেখে যায়৷ ওই অবধিই৷ কাজের কাজ কিছু করে না৷ এতেই ক্ষোভ বাড়ছে ফরাক্কার হোসেনপুর চর এলাকার বাসিন্দাদের৷ দফায় দফায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত গঙ্গাপার সংলগ্ন বহু এলাকার মানুষই৷ এই নিয়ে এক মাসে তিনবার ভাঙনের কবলে পড়ে গৃহহীন হল প্রায় ১২০টি পরিবার৷

The post নতুন করে ভাঙন, ফরাক্কায় গঙ্গাবক্ষে ২০টি বাড়ি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O149EU
via IFTTT

Comments