বারাকপুরে গঙ্গায় তলিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বারাকপুর: গঙ্গায় স্নান করতে গিয়ে জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। মৃত ছাত্রের নাম সম্রাট মুখোপাধ্যায় (১৯)। সে উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল। মৃত ছাত্রের বাড়ি স্থানীয় বারাকপুর সদর বাজার এলাকায় বলে জানা গিয়েছে৷

স্থানীয় সূত্রের খবর, পাঁচ জন কলেজ ছাত্র বারাকপুর বাবাজি গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল৷ তাদের মধ্যে প্রথম বর্ষের ছাত্র সম্রাট মুখোপাধ্যায় ও তার আরেক বন্ধু স্নান করতে নেমে গঙ্গার জলে তলিয়ে যায়। জোয়ারের স্রোতে তারা দু’জনে ভেসে যেতে থাকলে স্থানীয় যুবকেরা ওই দুই ছাত্রের মধ্যে একজনকে উদ্ধার করতে পারে৷ কিন্তু অপর ছাত্র কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় তলিয়ে যায়।

পরে এই দুর্ঘটনার খবর পেয়ে বাবাজি গঙ্গার ঘাটে আসে বারাকপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিরা। তারাই দ্রুত গঙ্গায় নেমে দু’ঘণ্টার চেষ্টায় সম্রাটের দেহ উদ্ধার করে। ছাত্রের দেহটি বারাকপুর থানার পুলিশ দ্রুত বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত ছাত্রের পরিবারের সদস্যরা বলেন, ‘‘সম্রাট ভালো সাঁতার জানত না৷ বন্ধুদের পাল্লায় পড়ে সে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়।’’ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বারাকপুর মর্গে সম্রাট মুখোপাধ্যায়ের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে৷ ইতিমধ্যেই বারাকপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

The post বারাকপুরে গঙ্গায় তলিয়ে কলেজ ছাত্রের মৃত্যু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QqpvtC
via IFTTT

Comments