এবার বারাণসী সফর করুন বিলাসবহুল জাহাজে

লখনউ: বারাণসী শহরের নাম শুনলেই বাঙালীদের চোখের সামনে ভেসে ওঠে মন্দির, ঘাট, গলির ভেতর তস্য গলি, গঙ্গাস্নান, গঙ্গা আরতি, প্যারা আর ‘জয় বাবা ফেলুনাথের’ কথা৷ বিশ্বের অন্যতম প্রাচীন শহর ও হিন্দুদের অন্যতম তীর্থস্থানের ঐতিহ্যমিশ্রিত এই রূপ উপভোগ করতে বছরভর পর্যটকরা পাড়ি দেন বারাণসী৷ এবার তাদের জন্য সুখবর৷ বারাণসীর পর্যটনের প্রসারে যোগী সরকার ‘অলকানন্দা’কে নিয়ে হাজির হল৷ ‘অলকানন্দা’ আসলে বিলাসবহুল জাহাজ৷ যে জাহাজে চেপে গঙ্গার পাড় ধরে প্রাচীন সাধনায় মগ্ন বারাণসীর রূপ উপভোগ করতে পারবেন পর্যটকরা৷

রবিবার খিরকিয়া ঘাট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করেন পাঁচ তারা ‘অলকানন্দা’ জাহাজটির৷ এই জাহাজে চেপে পর্যটকরা বারাণসী বিখ্যাত ঘাট, মন্দিরের দর্শন করতে পারবেন৷ দু’হাজার স্কোয়ার ফিট ডাবল ডেকর জাহাজটির আসন সংখ্যা ৯০৷ জাহাজটি তৈরির বরাত পায় কলকাতার একটি কোম্পানি৷ প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে জাহাজটি তৈরি করতে৷

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত জাহাজের ডবল ডেকারে রয়েছে ওপেন রেস্টুরেন্ট ও কফি শপ৷ যেখানে বসে এক পেয়ালা চা বা কফিতে চুমুক দিয়ে বারাণসীর সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা৷ পাঁচ তারা হোটেলের মতো পরিষেবা পাওয়া গেলেও জাহাজের টিকিট রাখা হয়েছে নাগালের মধ্যে৷ যোগী সরকারের এক আধিকারিক জানিয়েছে, জাহাজের টিকিটের দাম ধার্য হয়েছে ৭৫০টাকা৷ আসিঘাট থেকে রাজঘাট পর্যন্ত থাকবে জাহাজের বিচরণক্ষেত্র৷ এছাড়া পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ শুধু আমোদপ্রমোদের জন্য নয়, কর্পোরেট মিটিং বা পার্টির জন্য অলকানন্দার বুকিং করা যাবে৷

The post এবার বারাণসী সফর করুন বিলাসবহুল জাহাজে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NaVpvB
via IFTTT

Comments