মাঝেরহাট দুর্ঘটনা: যানজটে ৪০ মিনিটের রাস্তা এখন দুঘন্টায়
স্টাফ রিপোর্টার, কলকাতা: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে যানযন্ত্রণা অব্যহত রইল বৃহস্পতিবার সকালেও৷ দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘক্ষণ আটকে রইল অ্যাম্বুলেন্স, স্কুলবাস, পন্যবাহী যান৷দক্ষিণ কলকাতার একাধিক রুটে নো-এন্ট্রিও থাকায় সেখানেও একই অবস্থা৷ সবমিলিয়ে অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়লেন যাত্রীরা৷
ব্রিজ বিপর্যয়ের পর বন্ধ তারাতলা-মোমিনপুর রাস্তা৷ বিভিন্ন রাস্তায় বন্ধ পণ্যবাহী যান চলাচল৷ তাই বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট সৃষ্টি হয়৷ভোর চারটে থেকে দীর্ঘক্ষণ সারি দিয়ে আটকে ছিল পণ্যবাহী লরি-ট্রাক৷কোনা এক্সপ্রেসওয়েতেও গাড়ির লম্বা লাইন৷ কলকাতায় ঢোকার রাস্তা প্রায় সব বন্ধ৷ হাওড়া থেকে কলকাতায় ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের৷ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ আপাতত কিছুদিন হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ পুলিশের৷ তবে এদিন অফিস টাইমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনা এক্সপ্রেস দিয়ে কোনও মালবাহী গাড়িকে কলকাতার দিকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ৷
দ্বিতীয় হুগলি সেতু দিয়ে এখন যাত্রীবাহী গাড়ি চলছে৷ পুলিশের দাবি, সকাল সাড়ে দশটার পর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে৷ এছাড়াও নিউ আলিপুর, খিদিরপুর রোড, হাইড রোড, বেস ব্রিজে চাপ রয়েছে৷ যদিও যানজট এড়াতে ভোর ছ’টা থেকে রাত এগারটা পর্যন্ত সিজিআর রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, ডিপিএস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, এনএসসি বোস রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড ও ডায়মন্ড হারবার রোডে পণ্যবাহী যান চলাচল বন্ধ রেখেছে কলকাতা পুলিশ।
মঙ্গলবার দুর্ঘটনার পরই এখন ঘুরপথে যাতায়াত চলছে শহরের বেশ কিছু জায়গায়৷যেমন, বেহালাগামী দক্ষিণ কলকাতার যে সব বাস ও গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যায়, সেগুলির রুট পরিবর্তন করা হয়েছে। আগামী কদিন বাস ও গাড়ি খিদিরপুর ক্রসিং হয়ে সিজিআর রোড-ব্রেস ব্রিজ-তারাতলা রোড-তারাতলা ক্রসিং হয়ে দক্ষিণ দিকে যাবে।ডায়মন্ড হারবার থেকে উত্তর কলকাতাগামী বাস ও গাড়ি তারাতলা ক্রসিং থেকে ঘুরে তারাতলা রোড-ব্রেস ব্রিজ-হাইড রোড-সিজিআর রোড ধরে হেস্টিংস পৌঁছবে।
আলিপুর রোড ধরে বেহালার দিকে যাওয়া সব বাস ও গাড়ি এবার জাজেস কোর্ট রোড ধরে লালবাতি ক্রসিং-বর্ধমান রোড-রিমাউন্ট রোড -ডায়মন্ড হারবার রোড হয়ে গার্ডেনরিচ ফ্লাইওভার বা রিমাউন্ট রোডের রাস্তা ধরবে।বজবজ থেকে কলকাতামুখী সব বাস ও গাড়ি জিঞ্জিরাবাজার ক্রসিং ভায়া তারাতলা রোড-ব্রুকলিন রোড-গার্ডেনরিচ ফ্লাইওভার-রিমাউন্ট রোড- হয়ে ডায়মন্ড হারবার রোড ধরবে।
মঙ্গলবারের ব্রিজ বিপর্যয়ের পর এন আর অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার রাস্তাটি ভোর ছ’টা থেকে দুপুর একটা পর্যন্ত পূর্বমুখী করা হয়েছে। আবার দুপুর একটার পর থেকে রাত দশটা পর্যন্ত এখানে পশ্চিমমুখী যান চলাচল করবে। রাত দশটা থেকে ভোর ছ’টা পর্যন্ত ওয়ান ওয়ে রাস্তাকে টু-ওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, সার্কুলার গার্ডেনরিচ রোড, ডায়মন্ড হারবার রোড এবং জাজেস কোর্ট রোডে ট্রাম চলাচল বন্ধ থাকবে।
যাত্রীদের হয়রাণি কমাতে ছোট ছোট রুটে সরকারি বাস চালানো হচ্ছে৷ যেমন তারাতলা থেকে বজবজ, তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন, টালিগঞ্জ থেকে বেহালা, বেহালা চৌরাস্তা থেকে ডায়মন্ডহারবার রুটে বাস চলছে৷যানজট এড়াতে কলকাতার ট্রাফিক পুলিশের তরফে সবরকম চেষ্টা চালানো হলেও শহরের ব্যস্ত সময় চাপ বাড়ছে ট্রাফিকের৷ গাড়ি বা বাসের মধ্যে অনেকক্ষণই বসে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের৷ নিত্যযাত্রীদের বক্তব্য, ৪০ মিনিটের রাস্তা যেতে দুঘন্টা সময় লাগছে৷
The post মাঝেরহাট দুর্ঘটনা: যানজটে ৪০ মিনিটের রাস্তা এখন দুঘন্টায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oHyObY
via IFTTT
Comments
Post a Comment