ধ্বংসস্তুপ থেকে আরও এক ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কলকাতা: মাঝেরহাটে ধ্বংসস্তুপের নিচে আরও এক দেহের সন্ধান মিলল। সম্ভবত দেহটি মুর্শিদাবাদের ঠিকা শ্রামিক গৌতম মন্ডলের। এমনটাই দাবি গৌতমের আত্মীয়দের। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার হয়েছে৷ ব্রিজ বিপর্যয়ের তিন দিনের মাথায় মৃতের সংখ্যাও বেড়ে তিন হল৷ এছাড়া এখনও পর্যন্ত দুর্ঘটনায় ২৭জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ তারমধ্যে ১৩জন হাসপাতালে ভরতি৷

এদিন সকালে ধ্বংসস্তুপের নিচে শরীরের সামান্য অংশ দেখতে পাওয়ার পরই দেহ উদ্ধারের কাজ শুরু করেছে এনডিআরএফ এবং কলকাতা পুলিশের কর্মীরা। গ্যাসকাটার দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে দেহটি বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার করা দেহটি পাঠানো হবে এসএসকেএমে, সেখানেই হবে ময়না তদন্ত। বুধবারই মেট্রোর ঠিকা শ্রমিক প্রণব দে-র দেহ উদ্ধার হয়। তাঁর বাড়িও মুর্শিদাবাদে৷

মঙ্গলবার দুর্ঘটনার পরই ধ্বংসাবশেষের তলায় অনেকেই আটকে পড়তে পারেন বলে আশঙ্কা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সেতুর নিচে অস্থায়ীভাবে ছিলেন মেট্রোর নির্মাণশ্রমিকরা। ধ্বংসাবশেষের ফাটল থেকে ভেসে আসছিল আর্তনাদ। শোনা যাচ্ছিল বাঁচার আর্তি। বুধবার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় বছর চব্বিশের প্রণব দে-র। মঙ্গলবার মারা গিয়েছিলেন বেহালার শীলপাড়ার বাসিন্দা সৌমেন বাগ।

ধ্বংসস্তুপের নিচে আরও কয়েকজনের দেহ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের দাবি, নিচে আর কোনও দেহ নেই৷ এদিকে, বুধবার রাতেই মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে তদন্তভার গ্রহণ করেছে সিট৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে রাতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷

The post ধ্বংসস্তুপ থেকে আরও এক ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MSxDoA
via IFTTT

Comments