সৌন্দর্যায়নের ‘অজুহাতে’ নেহরুর মূর্তি সরালো যোগীর সরকার

এলাহাবাদ: উত্তরপ্রদেশে জওহরলাল নেহরুর মূর্তি সরানো নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে শুরু হল বাকযুদ্ধ৷ কংগ্রেসের অভিযোগ, মূর্তি সরিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে অপমান করেছে রাজ্যের শাসক দল বিজেপি৷ পাল্টা কংগ্রেসকে একহাত নিয়েছে গেরুয়া শিবির৷ অভিযোগ খণ্ডন করে যোগী সরকার জানিয়েছে, সৌন্দর্যায়নের কাজের জন্য সরানো হয়েছে মূর্তিটি৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ প্রত্যুত্তরে কংগ্রেসও জানায়, সৌন্দর্যায়নের ‘অজুহাতে’ নেহরুর মূর্তি সরিয়েছে যোগীর সরকার৷ বৃহস্পতিবার দিনভর মূর্তি নিয়ে জমে উঠেছিল উত্তরপ্রদেশের রাজনীতি৷

মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, এলাহাবাদের বালসান চৌরাহা থেকে ক্রেনে করে সরানো হচ্ছে জওহরলাল নেহরুর মূর্তিটি৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০১৯ এর জানুয়ারি মাসে শুরু হবে কুম্ভ মেলা৷ তার জন্য এলাহাবাদ জুড়ে সৌন্দর্যায়নের কাজ চলছে৷ পূণ্যার্থীর ঢল নামবে এলাহাবাদে৷ বাড়বে গাড়ির চাপ৷ সেই চাপ সামাল দিতে রাস্তা সম্প্রসারণ প্রয়োজন৷ এক প্রশাসনিক কর্তা জানিয়েছে, নেহরুর মূর্তিটি রাস্তার ঠিক মাঝখানে বসানো ছিল৷ তাই মূর্তির যাতে কোনও ক্ষতি না হয় সেই জন্য সেটি সরিয়ে নেওয়া হয়েছে৷ সেটি অস্থায়ী ভাবে বসানো হয়েছে আনন্দ ভবনের কাছে৷ যদিও কাজ শেষ হলে মূর্তিটি যথাস্থানে বসানো হবে কিনা তা পরিস্কার জানানো হয়নি৷

এদিকে জওহরলাল নেহরুর মূর্তি সরিয়ে দেওয়ায় রে রে করে তেড়ে আসে কংগ্রেস৷ সরকারি ওই পদক্ষেপের বিরোধিতা করে কংগ্রেস জানায়, এই কাজ করে বিজেপি দেশের প্রথম প্রধানমন্ত্রীকে অপমান করেছে৷ মূর্তি সরানো নিয়ে প্রশাসনের ব্যাখ্যা উড়িয়ে কংগ্রেসের প্রশ্ন, ওই একই রাস্তায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিও রয়েছে৷ তাঁর মূর্তিতে হাতও দেওয়া হয়নি৷ অথচ জওহরলাল নেহরুর মূর্তি সরানোর সময় সৌন্দর্যয়ানের গাল পাড়ছে সরকার৷

কংগ্রেসকে সমর্থন করে সমাজবাদী পার্টিও৷ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে নেহরুর মূর্তি৷ বৃহস্পতিবার মূর্তি সরানোর সময় তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দেয়৷ এমনকী মূর্তি সরানোর কাজে বাধা দেন৷

The post সৌন্দর্যায়নের ‘অজুহাতে’ নেহরুর মূর্তি সরালো যোগীর সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MsHLzu
via IFTTT

Comments