কে এই তৃপ্তি দেসাই, মন্দিরে মহিলাদের প্রবেশে লড়েছিলেন যিনি

তিরুঅনন্তপুরম: বয়স নির্বিশেষে প্রত্যেক মহিলা কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেয়৷

তবে এই শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ এবং পূজার অধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করেছেন তিনি হলেন অ্যাক্টিভিস্ট তৃপ্তি দেসাই৷ কোনও বাধার কাছে মাথা নত না করে যিনি লড়াই করে গিয়েছেন এবং শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সাফল্যের মুখ দেখলেন শীর্ষ আদালতের রায়ে৷

কে এই তৃপ্তি দেসাই?
পুণের বাসিন্দা তৃপ্তি বহু বছর ধরেই মহিলাদের অধিকারের জন্য লড়াইয়ে সামিল৷ এর জন্য তিনি ভূমাতা ব্রিগেড নামে এক সংস্থা শুরু করেন৷ এই সংস্থার শাখা রয়েছে পুণে, আহমেদনগর, নাসিক এবং শোলাপুরে৷ মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দির এবং হাজি আলি দরগাতে মহিলাদের প্রবেশের রাস্তা খুলে দেওয়ার পিছনে তাঁর অবদান রয়েছে বলে জানা যায়৷

পড়ুন: খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

আন্না হাজারের সঙ্গে বেশ কিছু সমাজসেবামূলক কাজ করেন তিনি৷ নাসিকের ত্রয়োম্বকেশ্বর, কপালেশ্বর মন্দির এবং কোলহাপুরের মহালক্ষ্মী মন্দিরে মহিলাদের প্রবেশের জন্যও আন্দোলন করেছিলেন তিনি৷

সবরীমালা মন্দিরের রায়ের পর এক সংবাদ মাধ্যমে তিনি জানান, যখন তিনি আন্দোলন শুরু করেন তখন বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে৷ ৪০০ বছরের পুরনো পরম্পরা ভেঙে ফেলেন তিনি এবং এই লড়াইয়ে জয়লাভ করে শনি শিঙ্গণাপুরে মহিলারা প্রবেশে অনুমতি পায়৷

তিনি আরও জানান, তাঁর হাসি পায় এটা ভেবে যাদের জন্ম মহিলাদের গর্ভে হয়েছে তারাই মহিলাদের অপবিত্র বলছে৷ পুরুষের মানসিকতার বদল প্রয়োজন৷ কোনও ধর্মের প্রতি তাঁর ক্ষোভ নেই৷ সোশ্যাল মিডিয়ায় তিনি প্রাণনাশের বহু হুমকি পেয়েছেন৷ কিন্তু ভয় না পেয়ে তিনি নিজের কাজ করে গিয়েছেন৷

The post কে এই তৃপ্তি দেসাই, মন্দিরে মহিলাদের প্রবেশে লড়েছিলেন যিনি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OflDxD
via IFTTT

Comments