দুর্গাপুজোর টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় আক্রান্ত প্রৌঢ়

স্টাফ রিপোর্টার, মালদহ: দুর্গাপূজা কমিটির টাকা আত্মসাতের প্রতিবাদ করে এক প্রৌঢ়৷ আর সেই প্রতিবাদ করায় এলাকার তিন যুবকের ক্রোধের শিকার হতে হয় তাঁকে৷ অভিযোগ, প্রৌঢ়ের হাতের কব্জি কেটে নেওয়ার চেষ্টা করে ওই তিন যুবক৷ আক্রান্ত প্রৌঢ়ের নাম নারায়ণ মণ্ডল (৬২)৷ অভিযুক্তরা হলেন, উত্তম সরকার, বুলেট সরকার ও সুকুমার সরকার৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার সালাইডাঙা গ্রাম পঞ্চায়েতের শাবল গ্রামে।

আক্রান্ত প্রৌঢ়ের অভিযোগ, গত কয়েক বছর ধরে শাবল গ্রামে দুর্গাপূজা উপলক্ষে ঘট পূজা করা হয়। অথচ সেই দুর্গাপূজার নাম করে গ্রামে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা চাঁদা তোলে অভিযুক্তরা। প্রৌঢ় জানান, শাবল গ্রামের পরিবর্তে পুজো করা হয় পাশের বামন গ্রামে। আর শাবল গ্রামের পুজোর নামে টাকা আত্মসাতের ঘটনার প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হতে হয় ওই প্রৌঢ়কে৷ অভিযোগ, বুধবার রাতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা চড়াও হয় তাঁর উপর। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এমনকি তাঁর ডান হাতের কব্জি কেটে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা৷

ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তর করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাঁর চিকিৎসা। অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে ইতিমধ্যেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ আর এরপরই অবিলম্বে ঘটনার তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ।

The post দুর্গাপুজোর টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় আক্রান্ত প্রৌঢ় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MqYlQo
via IFTTT

Comments