সাঁওতাল সংগঠনের অবরোধ, দুর্ভোগ যাত্রীদের
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: স্কুলে সাঁওতালি শিক্ষক নিয়োগ, পঞ্চম তফশিল চালু সহ ঘোষিত ছ’দফা দাবীতে ফের অবরোধ আন্দোলনে ভারত জাকাত মাঝি পারগাণা মহল৷ অবরুদ্ধ বিভিন্ন সড়ক পথ৷ ট্রেন চালাচলও ব্যাহত৷ চরম দুর্ভোগে যাত্রীরা৷
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়াতেও এই সংগঠনের ডাকা কর্মসূচিতে প্রভাব পড়েছে৷ আদিবাসী সংগঠনের অবরোধের জেরে বিষ্ণুপুরে আটকে পুরুলিয়া এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেন৷ সপ্তাহের প্রথম দিন ভারত জাকাত মাঝি পারগাণা মহলের আন্দোলনে বাঁকুড়া জেলায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলার কোতুলপুর, নেতাজী মোড়, বিষ্ণুপুরের বাঁকাদহ, বৈতল, বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা, শহর সংলগ্ন হেভির মোড় ছাড়াও গঙ্গাজলঘাটি, শালতোড়া, ওন্দার বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়ক গুলি অবরুদ্ধ৷ দক্ষিণ পূর্ব রেলের ছাতনা, বিষ্ণুপুরের পাশাপাশি বাঁকুড়া-মশাগ্রাম, বি.ডি.আর রেলপথের পাত্রসায়র, সোনামুখীও অবরোধ করে রাখা হয়েছে।
রেলপথ বিহীন দক্ষিণ বাঁকুড়ার সড়ক পথগুলি কার্যত আদিবাসী সংগঠনের দখলে। সড়কের উপর বসে পড়েছেন সংগঠনের সদস্যরা৷ রাইপুরের ট্রাফিক মোড়, যানডাঙ্গা মোড়, বক্সী মোড়, সারেঙ্গার পিরলগাড়ি মোড়, সিমলাপালের বিক্রমপুর মোড়, তালডাংরার শিবডাঙ্গা মোড়ে অবরোধ চলছে। ফলে গুরুত্বপূর্ণ বাঁকুড়া-রাজ্য সড়ক অবরুদ্ধ৷
ভারত জাকাত মাঝি পারগাণা মহলের মূল দাবিগুলি হলো, আদিবাসী প্রধান এলাকা গুলিতে অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ, সরকারী নির্দেশাবলে ইচ্ছুক শিক্ষকদের সাঁওতালী মাধ্যম স্কুলে স্থানান্তর, বই ও পঠন পাঠনের পরিকাঠামো তৈরী, অ-আদিবাসীদের আদিবাসী জাতিগত শংসাপত্র বাতিল, আদিবাসী শিক্ষক-সরকারীর্মীদের ‘রাজনৈতিক বদলি’ বাতিল সহ সংবিধানে উল্লিখিত পঞ্চম তপশিলী আইন চালু করতে হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, দাবিপূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে৷
শাসক দলের নির্বাচিত হয়েও এক জন আদিবাসী সমাজের মানুষ হিসেবে এই অবরোধকে সমর্থণ করেছেন রাইপুরের তৃণমূলের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চেষ্টা করে চলেছেন। তার বিধানসভা এলাকাতেই আগামী বছর বেশ কয়েকজন অলচিকিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে।’’ কিছু সমস্যা রয়েছে স্বীকার করেছেন বিধায়ক৷ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।
The post সাঁওতাল সংগঠনের অবরোধ, দুর্ভোগ যাত্রীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xM9BS5
via IFTTT
Comments
Post a Comment