লোকসভা নির্বাচনে আসাদুদ্দিনকে হারাতে গুটি সাজাচ্ছে বিজেপি

হায়দরাবাদ: নিজামের শহরের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে পরাস্ত করতে মরিয়া বিজেপি। সেই উদ্দেশ্যে বিজেপি শিবিরের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

২০০৪ সাল থেকে সাংসদ হিসেবে জয়যাত্রা শুরু হয়েছিল আসাদুদ্দিন ওয়াইসির। টানা তিনবার হায়দরাবাদ থেকে জিতে লোকসভার সদস্য হয়েছেন তিনি। সেই জয়ের ধারা আটকাতে মরিয়া বিজেপি। ২০১৯ সালে আসাদুদ্দিনকে হারাতে তাই নতুন করে গুটি সাজাতে শুরু করেছে বিজেপি।

যদিও খাসতালুকে নিজের জয়ের বিষয়ে নিশ্চিত আসাদুদ্দিন। বিপক্ষে কোনও প্রার্থীই তাঁর সামনে দাঁড়াতে পারবে না বলে দাবি করেছেন এআইএমআইএম প্রধান। পদ্মের প্রতীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে অমিত শাহকে দেখতে চাওয়ার ইচ্ছাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে বিজেপির যে কোনও প্রার্থীর বিরুদ্ধেই লড়াই করতে তিনি প্রস্তুত।

কয়েক মাসের মধ্যেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে ওই রাজ্যে সম্প্রতি গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এখনও লোকসভায় প্রার্থীর বিষয়ে মুখ খোলেনি ওই রাজ্যের বিজেপি নেতৃত্ব।

তবে অমিত শাহ যে আসাদুদ্দিনের বিরুদ্ধে লড়ছেন না তা জানিয়ে দিয়েছেন বিজেপি মুখপাত্র জেভিএল নরসিমা রাও। স্থানীয় কোনও ব্যক্তিকেই হায়দরাবাদ থেকে প্রার্থী করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিজেপি মুখপাত্রের কথায়, “অমিত শাহের বিরুদ্ধে লড়ার কথা বলে আসলে নিজের প্রচার করছেন আসাদুদ্দিন। এই তুচ্ছ বিষয়ে আমাদের সভাপতিকে জড়ানো হবে না।”

বিজেপি যে আসাদুদ্দিনকে পরাস্ত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন দলের মুখপাত্র জেভিএল নরসিমা রাও। তিনি বলেছেন, “তেলেঙ্গানার কোনও ভূমিপুত্রকে আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে প্রার্থী করা হবে। এই বছরের লোকসভা নির্বাচনে বেগ পেতে হবে আসাদুদ্দিনকে।”

এর আগে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে রাজা সিং-র নাম শোনা গিয়েছিল। যদিও সরকারিভাবে বিজেপি বা রাজা সিং কেউই মুখ খোলেনি। হিন্দুত্ববাদী মুখ এবং স্থানীয় বাসিন্দা হওয়ায় তাঁর উপরেই আসাদুদ্দিনের মতো দাপুটে সাংসদকে পরাস্ত করার দায়িত্ব দেওয়া হতে চলেছে বলে শোনা গিয়েছিল। সেই বিষয়ে অবশ্য কিছু বলেননি নরসিমা রাও।

তবে বিজেপি প্রার্থী নিয়ে এআইএমএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, “বিজেপি নেতারা প্রার্থীর কথা ভাবছে। কিন্তু দেশের মানুষ পেট্রল-ডিজেলের দাম নিয়ে ভাবছে।”

The post লোকসভা নির্বাচনে আসাদুদ্দিনকে হারাতে গুটি সাজাচ্ছে বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DxsfmM
via IFTTT

Comments