মজার এই তো সবে শুরু, রাফায়েল ইস্যুতে রাহুল

লখনউ: গলি গলি ম্যায় শোর হ্যার রাজীব গান্ধী চোর হ্যায়৷ আটের দশকে বোফর্স কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর বিরোধীদের এই স্লোগান ছেয়ে গিয়েছিল গোটা দেশে৷ তার তিন দশক পর রাফায়েল জেট ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কমান্ডার-ইন-থিফ ’ তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছেন রাজীব পুত্র রাহুল৷ এবার তিনি কংগ্রেস কর্মীদের নির্দেশ দেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চৌকিদার নন, দেশের চোর’ এই স্লোগান দিকে দিকে ছড়িয়ে দেওয়ার৷ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এই রাফায়েলই মোদী সরকারকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেবে৷

রাফায়েল জেট ইস্যুতে বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপ বাড়িয়েই চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই চাপ আগামিদিনে আরও বাড়ার ইঙ্গিত দেন তিনি৷ মঙ্গলবার কংগ্রেস সভাপতি বলেন, ‘‘সবে তো শুরু৷ আগামী দুই তিন মাসে আরও মজা টের পাবে বিজেপি সরকার৷’’

সোমবার দু’দিনের সফরে নিজের নির্বাচনী কেন্দ্র আমেঠিতে গিয়েছেন রাহুল গান্ধী৷ এদিন দলের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় আবারও টেনে আনেন রাফায়েল ইস্যু৷ মোদী সরকারকে তাঁর হুঁশিয়ারি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সব অপকর্মের কীর্তি কংগ্রেস ফাঁস করেই ছাড়বে৷

রাহুল গান্ধী বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন৷ সেই ব্যক্তি ৩০ হাজার কোটি টাকা অনিল আম্বানিকে দিয়ে দিয়েছে৷ এটা তো সবে শুরু৷ আরও মজা টের পাবে সরকার৷’’ তাঁর সংযোজন,‘‘মোদী সরকার এই চার বছরে অনেক অপকর্ম করেছে৷ রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদী, নোটবন্দি, গব্বর সিং ট্যাক্স সবেতেই চুরি, দুর্নীতি হয়েছে৷ এক এক করে আমরা প্রমাণ করে দেব নরেন্দ্র মোদী চৌকিদার নন, তিনি চোর৷’’

রাহুলের এই মন্তব্যে পরিস্কার শুধু রাফায়েল নয়, আগামী দিনে নীরব মোদী, বিজয় মালিয়া ও ললিত মোদী, এবং মোদী সরকারের আমলে নানা আর্থিক সংস্কারের বিরুদ্ধে সুর চড়াবে কংগ্রেস৷ রাহুল দলীয় কর্মীদের নির্দেশ দেন এই ইস্যুগুলি মানুষের কাছে তুলে ধরার৷ সব অভিযোগে প্রমাণ তিনি তিন মাস পর দেবেন৷

The post মজার এই তো সবে শুরু, রাফায়েল ইস্যুতে রাহুল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xNmWcG
via IFTTT

Comments