গেরুয়া বনধে অগ্নিগর্ভ ইসলামপুর

স্টাফ রিপোর্টার, ইসলামপুর: গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদ৷ বিজেপির ডাকে বনধ রাজ্যজুড়ে৷ সেই বনধেই অশান্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ সরকারিতে গাড়িতে আগুন ধরিয়ে দিল বনধ সমর্থনকারীরা৷ ভাঙচুর চলল বে-সরকারি বাসেও৷ আতঙ্ক ছড়ায় ইসলামপুরে৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলের কাছে থাকলেও বাসে আগুন ধরান আটকাতে সক্রিয় পদক্ষেপ করেনি৷ বিজেপির দাবি শাসক দলের নির্দেশে বেছে বেছে তাদের সমর্থকদেরই গ্রেফতার করেছে পুলিশ৷

বনধ ঘিরে বুধবার সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল ইসলামপুরে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ৷ কিন্তু তাতেও অশান্তি এড়ানো যায়নি৷ এদিন শুরু থেকেই হাতে ইঁটের টুকরো, লাঠি নিয়ে পথ চলতি যানবাহন আঁটকানোর চেষ্টা করে বনধ সমর্থকরা৷ পরে তা ঝঙ্গি আন্দোলনের রূপ নেয়৷

জাতীয় সড়কের ধারে ইসলামপুরের কলেজ পাড়ায় দাঁড়িয়েছিল শিলিগুড়িগামী এনবিএসটিসি’র বাস৷ বনধ সমর্থকরা প্রথমে সেই বাস থেকে যাত্রীদের নামিয়ে দেন৷ পরে ভাংচুর চালায় তাতে৷ বাসের তেলের ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি৷ একটা সময়ে বিষ্ফোরণের আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে ছুটতে থাকেন৷

এই সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ অভিযোগ, ঘটনাস্থলের কাছে থাকলেও বনধ সমর্থকদের প্রতিহত করতে পুলিশ সক্রিয় হয়নি৷ এমনকি খবর দেওয়া হলেও তারা নীরব ছিল৷ সরকারি বাসটি আগুনে প্রায় সম্পূর্ণ ভস্মীভূত গয়ে যায়৷ এরই মধ্যে বাসের আগুন নেভাতে চলে আসে দমকল বাহিনী৷ তাদের চেষ্টার বড়সর দুর্ঘটনার হাত থেকে রেহাই মেলে৷ ঘটনার বেশ কিছুক্ষণ বাদে পুলিশ গিয়ে এলাকায় উত্তেজনা প্রশমণের চেষ্টা করে৷

এর আগে জাতীয় সড়কের উপরই একটি বেসরকারি বাসে ভাঙচুর চালায় গেরুয়া শিবিরের লোকেরা৷ বাসের সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়৷ আতঙ্কে যাত্রীরা নেমে যায় ওই বাস থেকে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

তবে এদিন সকাল থেকেই বনধ সফল করতে সক্রিয় ছিল বিজেপির কর্মী, সমর্থকরা৷ রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ৷ পুলিশ একদিক থেকে বনধ সমর্থকদের হঠালে অন্য দিকে গিয়ে ফের শুরু হয় আন্দোলন, অবরোধ৷ ফলে কার্যত নাজেহাল হতে হয় পুলিশকে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন ইসলামপুরে নামনো হয় ব়্যাফ৷ গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বনধ সমর্থনকারীকে৷ বিজেপির অভিযোগ, শাসক দলের নির্দেশেই তাদের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ৷

The post গেরুয়া বনধে অগ্নিগর্ভ ইসলামপুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2R1MKKO
via IFTTT

Comments