প্রিমিয়র লিগে জয়ে ফিরল ম্যান ইউ, জয় আর্সেনালেরও

লন্ডন: পল পোগবার পেনাল্টি মিস, র‍্যাশফোর্ডের লাল কার্ড। তবু ম্যাচ জিতল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। ব্রিটনের কাছে অপ্রত্যাশিত হারের পর শেষ ম্যাচে ঘরের মাঠে হারতে হয়েছিল টটেনহ্যামের কাছে। প্রিমিয়র লিগের শুরুর দিকে টানা দু’ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল গতবারের রানার্সদের। রবিবার লুকাকু’র জোড়া গোলে ফের জয়ের সরণীতে ফিরল ম্যান ইউ। আর এই জয়ের সঙ্গেই যেন অক্সিজেন ফিরে পেলেন হোসে মোরিনহো।

প্রিমিয়র লিগের চতুর্থ ম্যাচে বার্নলেকে ২-০ গোলে হারাল ম্যান ইউ। লুকাকু, স্যাঞ্চেজ, লিংগার্ড ত্রিফলায় ভর করে এদিন শুরু থেকেই প্রতিপক্ষ বক্সে ঝাঁপিয়ে পড়ে রেড ডেভিলসরা। প্রথম দশ মিনিটের মধ্যেই দু’বার গোলের খুব কাছে পৌঁছে যান ব্রিটিশ ফরোয়ার্ড জেসি লিংগার্ড। তবে গোলমুখ খুলতে পারেননি তিনি। ২৭ মিনিটে ম্যান ইউ’র হয়ে ডেডলক খোলেন লুকাকু। বক্সের সামান্য বাইরে থেকে স্যাঞ্চেজের মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করে যান বেলজিয়ান স্ট্রাইকার।

৩৬ মিনিটে আরও একবার গোল করার মত অবস্থায় পৌঁছে যান লুকাকু। স্যাঞ্চেজের ঠিকানা লেখা থ্রু থেকে তাঁর চিপ গোল ছেড়ে বেরিয়ে এসে অসাধারণ দক্ষতায় সেভ করেন বার্নলে গোলরক্ষক হার্ট। যদিও ৪৪ মিনিটে স্কোরশিটে দ্বিতীয়বারের জন্য নাম তুলে ফেলেন বেলজিয়ান স্ট্রাইকার। বক্সের বাইরে থেকে লিংগার্ডের শট বার্নলের দুই ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে পাঠান লুকাকু। দলের দ্বিতীয় গোলের পর ডাগ আউটে মোরিনহোর অভিব্যক্তি দেখেই পরিষ্কার হয়ে যায় দু’ম্যাচ হারের পর কতটা চাপে ছিলেন তিনি।

দু’গোলে আগুয়ান ইউনাইটেড দ্বিতীয়ার্ধেও মরিয়া হয়ে ওঠে গোলসংখ্যা বাড়িয়ে নিতে। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেন লিংগার্ড, স্যাঞ্চেজরা। দ্বিতীয়ার্ধে ম্যান ইউ ফুটবলারদের একের পর এক আক্রমণ যখন প্রতিহত হচ্ছে বার্নলের দুর্গে, ঠিক তখনই পরিবর্ত হিসেবে নামা র‍্যাশফোর্ডকে বক্সে ফাউল করে বসেন বিপক্ষের এক ফুটবলার। কিন্তু স্পটকিক থেকে দিনের সহজতম সুযোগটি হাতছাড়া করেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা।

ঠিক দু’মিনিট বাদেই এক বার্নলে ডিফেন্ডারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে লাল কার্ড দেখেন র‍্যাশফোর্ড। শেষ ১৯ মিনিট দশজনেই লড়াই করতে হয় মোরিনহোর ছেলেদের। তবে তার সুযোগ নিতে ব্যর্থ হয় বার্নলে। উল্টে দশজনেও অনেক বেশি সুযোগ তৈরি করে নেয় ম্যান ইউ। তবে দ্বিতীয়ার্ধে আর গোল তুলে নিতে পারেনি কোন দলই। ফলে ২-০ গোলে ম্যাচ জিতে প্রিমিয়র লিগে দ্বিতীয় জয় তুলে নেয় ম্যান ইউ।

লিগের অন্য খেলায় অ্যাওয়ে ম্যাচে কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারাল আর্সেনাল। গানার্সদের হয়ে গোল করলেন মুস্তাফি, অবামেয়াং এবং ল্যাকাজেত্তে। চতুর্থ ম্যাচে আর্সেনালেরও দ্বিতীয় জয় এটি।

The post প্রিমিয়র লিগে জয়ে ফিরল ম্যান ইউ, জয় আর্সেনালেরও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NMOKVC
via IFTTT

Comments