দাগী অপরাধীদের কাছে হাতজোড় করলেন মোদী
পাটনা: আমি হাতজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে পিতৃপক্ষের সময় এমন কিছু করবেন না যাতে শান্তি বিঘ্নিত হয়৷ প্রতি বছর পিতৃপক্ষের সময় গয়া শহরে পারলৌকিক কর্ম করতে বহু মানুষ আসেন৷ তখনই বাড়ে অপরাধের মাত্রা৷ প্রশাসন হিমশিম খেয়ে যায়৷
যেভাবে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা সুশীল মোদী হাতজোড় করে অপরাধীদের কাছে শান্তি বজায় রাখার অনুরোধ করলেন তাতে বিস্মিত সবাই৷ প্রশ্ন উঠছে, বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকার কি শান্তি বজায় রাখতে পারবে না মনে করেই এমন অবস্থান নিল৷ খোদ উপমুখ্যমন্ত্রী যেভাবে আবেদন করেছেন তা আগে দেখা যায়নি৷
আরও পড়ুন: অপরাধীরা ভোটে দাঁড়াবে না, নিশ্চিত করুক সংসদ: সুপ্রিম কোর্ট
রীতিমতো অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ আরজেডির সঙ্গে জোট সরকারে থাকার সময় রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করে কড়া প্রশাসনিক ভূমিকা নিয়েছিলেন৷ কিন্তু বিজেপির সঙ্গে ফের জোট করে নতুন সরকার গড়ার পর তাঁরই সরকারের উপমুখ্যমন্ত্রীর ভূমিকায় ছড়িয়েছে বিতর্ক৷ সোমবার গয়া শহরে এক অনুষ্ঠানে সুশীল মোদী বলেন, আমাদের অন্তত আগামী পিতৃপক্ষের সময় ছাড় দিন৷ শান্তি বজায় রাখুন৷ অন্যান্য দিন আমরা বারণ করলেও আপনারা কর্ণপাত করেন না৷ এবার একটু রেহাই দিন৷
এরপরেই বিতর্ক শুরু হয়েছে৷ বিরোধী আরজেডি বলছে, সরকারের অবস্থা এরকমই যে অপরাধীদের কাছে হাতজোড় করতে হচ্ছে উপমুখ্যমন্ত্রীকে৷ ফলে অস্বস্তি বেড়েছে নীতীশ কুমারের৷ বিতর্কে জড়াচ্ছেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী৷ মন্তব্যের ঝড়ে নাস্তানাবুদ হতে শুরু করেছে বিহার সরকার৷
The post দাগী অপরাধীদের কাছে হাতজোড় করলেন মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O7rdSr
via IFTTT
Comments
Post a Comment