বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব গ্রামবাসীরা
স্টাফ রিপোর্টার, মালদহ: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে৷ হুঁশ নেই প্রশাসনের৷ এদিকে গ্রামবাসীদের অভিযোগ, কাজ করার দায়িত্ব নিয়ে ঠিকাদাররা অর্ধেক কাজ করেই বেপাত্তা হয়ে গিয়েছে৷ ঘটনাটি মালদহের গাজোল এলাকার দেওতলা গ্রাম পঞ্চায়েতের। এই এলাকারই নন্দপুর থেকে উলুগ পাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
আর এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। রাস্তা বেহাল থাকায় কোনও রকম গাড়ি ঢোকে না সেখানে। ফলে কোনও মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে কোনও রকমে রিকসা বা ভ্যানে বসিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের কাদা রাস্তা পেরিয়ে জমির আল দিয়ে হেঁটে পৌঁছতে হয় স্কুলে।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা লুঠ করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। তাঁদের দাবি, অবিলম্বে এই রাস্তা তৈরি করে দিতে হবে৷ তা নাহলে বড়সড় আন্দোলনের পথে এগোবে গ্রামবাসীরা৷ এই বিষয় দেওতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা কোনও সদস্যের তেমন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, স্থানীয় জেলা পরিষদ সদস্য দিলরুবা ইয়াসমিনের প্রতিক্রিয়া মিলেছে৷
তিনি বলেন, ‘‘জরুরী ভিত্তিতে ওই রাস্তা সংস্কারের কাজ হয়েছে৷ তবে নিম্নমানের কাজ হওয়ার অভিযোগ ভিত্তিহীন৷’’ পাশাপাশি মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, ‘‘দ্রুত রাস্তা সংস্কার করা হবে। নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’
The post বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব গ্রামবাসীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2D3e2hl
via IFTTT
Comments
Post a Comment