বাম-কংগ্রেসের ভারত বনধে কেমন সাড়া দিচ্ছে কলকাতা?

স্টাফ রিপোর্টার, কলকাতা: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রাফায়েল দুর্নীতির মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধে কলকাতার ব্যস্ততা সাধারণ দিনের মতো৷ খোলা রয়েছে দোকানপাট৷ চলছে বাস, অটো ছোট গাড়িও৷ অফিসযাত্রী এবং স্কুল যাওয়া ছাত্রছাত্রীদের দেখা গেল রাস্তায়৷ অন্যান্য দিনের থেকে শ্যামবাজার , উল্টোডাঙা , গড়িয়াহাটের ছবিটা খুব একটা আলাদা নয় আজ সোমবারে।

সকাল ১০টা- শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আর পাঁচটা সাধারণ দিনের মতই ব্যস্ততা ধরা পড়ল। রাস্তায় বাস, ছোট গাড়ি তো ছিলই, পাশাপাশি খোলা রয়েছে শ্যামবাজারের মিষ্টি, কাপড়, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় প্রায় সব দোকান। বাস ধরার অপেক্ষায় রয়েছেন অফিসযাত্রীরা। খোলা রয়েছে তরিতরকারি বাজারও। সেখানেও মানুষের ভিড় সাধারণ দিনের মতই৷

সকাল ১১টা- একইরকম ছবি ধরা পড়ল বিধাননগর-উল্টোডাঙা স্টেশন চত্বরে। তবে উল্টোডাঙার ব্যস্ততাটা স্বাভাবিকভাবেই একটু বেশি। সল্টলেকের বিভিন্ন সেক্টরে আসার জন্য অটোর লাইনে রয়েছেন অফিস যাত্রীরা৷ পাশে বসে থাকা এক যাত্রী অটোর চালককে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, দাদা আজ তো ভারত বন্ধ, অটো চালাচ্ছেন? সঙ্গে সঙ্গে জবাব আসে, পেট্রোলের দাম বাড়ুক আর ডিজেল, এই অফিস টাইমে অটো বন্ধ করলে সারাদিন উপোষ যাবে দাদা। সবাই চালাচ্ছে তাই আমি চালাচ্ছি।

গড়িয়াহাট ও সংলগ্ন বাজারের ছবিটাও একই রকম। সামনেই পুজো, তাই গড়িয়াহাটের ফুটপাতে ব্যস্ততা শুরু হয়েছে সকাল থেকেই। চলছে অটো, বাস, ছোট গাড়িও। সাধারণ মানুষও রয়েছেন রাস্তায়৷ তবে বনধ নিয়ে আলোচনা করছেন অনেকেই৷উল্টোডাঙার কয়েকটি দোকানে জিজ্ঞেস করে জানা গেল এখনও কেউ আসেননি দোকান বন্ধ করার দাবি নিয়ে৷

The post বাম-কংগ্রেসের ভারত বনধে কেমন সাড়া দিচ্ছে কলকাতা? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O58gNc
via IFTTT

Comments