থানার সীমানা বলে দেবে লালবাজারের স্যাটেলাইট ম্যাপ

সুভাষ বৈদ্য, কলকাতা: কলকাতা পুলিশের ন’টি ডিভিশনে ৭১ টি থানা রয়েছে৷ এছাড়া রয়েছে মহিলা থানা৷ প্রতিটি ডিভিশনেই স্যাটেলাইট ম্যাপ তৈরি করার পরিকল্পনা নিয়েছে লালবাজার৷ ইতিমধ্যেই সাউথ ওয়েস্ট ডিভিশনে তৈরি হয়েছে স্যাটেলাইট জুরিসডিকশন ম্যাপ৷ ফলে প্রতিটি থানা এলাকা নিখুঁত ভাবে বোঝা যাবে৷ তাই এবার থানার সীমানা-বিতর্ক মিটতে চলেছে বলেই আশা করা হচ্ছে৷

অভিযোগ, দুটি থানার সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনায় আহত কেউ পড়ে আছে, খবর পেয়ে পাশ্ববর্তী দুটি থানার পুলিশই ঘটনাস্থলে যান কিন্তু কোন থানা এলাকার আওতায় ঘটনাটি তা নির্ধারণ করতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়৷ কলকাতা থানা এলাকার রাস্তায় খুন বা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলে মৃতদেহ ঠিক কোন থানা এলাকায় তা নিয়েও শুরু হয় বিতর্ক৷ সীমানার অজুহাত দিয়ে এড়িয়ে যেতে চেষ্টা করে উভয় থানা৷

পড়ুন: হিডকোর উদ্যোগে নিউ টাউনে গাড়ি চার্জার স্টেশন

এছাড়া চুরি-ছিনতাইয়ের মতো ঘটনায় সাধারণ মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়৷ থানায় অভিযোগ জানাতে গিয়ে শুনতে হয়, এই থানা নয় ওই থানায় যান৷ এভাবে সাধারণ মানুষকে ঘুরতে হয় এ-থানা থেকে ও-থানায়৷ এবার এসব সমস্যায় দ্রুত সমাধানের পথ দেখাবে লালবাজারের স্যাটেলাইট ম্যাপ৷

লালবাজার সূত্রে খবর, পুলিশের শিল্পী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সাউথ ওয়েস্ট ডিভিশনে তৈরি করা হয়েছে স্যাটেলাইট জুরিসডিকশন ম্যাপ৷ আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ডিভিশনের ৬টি থানার জন্য তৈরি হয় ম্যাপ৷ এমনকি প্রতিটি থানার জন্য আলাদা আলাদা লেয়ার ও জোনাল ম্যাপ তৈরি করা হয়৷ এতে প্রতিটি থানা এলাকা নিখুঁত ভাবে জানা যাবে৷

থানাগুলোর সীমানা ঠিক করার জন্য স্থানীয় কাউন্সিলর এবং বিএলএলআরও দফতরের কর্মীদের ডাকা হয়। তাঁরা মৌজা সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসেন। সেই কাগজের ম্যাপ ধরে নির্ধারণ করা হয় এক-একটি থানার এলাকা। তারপর জিপিএস ব্যবহার করে কাজে লাগানো হয় কম্পাস কো-অর্ডিনেটর অ্যাপ। সেখান থেকে ছবি নিয়ে গুগুল ম্যাপের সাহায্য তৈরি করা হয়েছে সীমানা-সূচক ম্যাপ৷

পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে হবে শতাধিক নিয়োগ! মিলবে সরকারি ভাতাও

লালবাজারের এক কর্তা জানালেন, শিল্পী দেবাশিস বন্দ্যোপাধ্যায় একটি ডিভিশনের জন্য এই স্যাটেলাইট জুরিসডিকশন ম্যাপিং করে দিলেও তার পক্ষে কলকাতার সবকটি ডিভিশনের জন্য এই কাজ করা সম্ভব নয়৷ তাই এর জন্য আরও পেশাগত দক্ষ সংস্থা দরকার৷ ফলে লালবাজারের পক্ষ থেকে টেন্ডার ডাকার চিন্তাভাবনা করা হচ্ছে৷

আগামী এক বছরের মধ্যে কলকাতার সব ডিভিশনে স্যাটেলাইট জুরিসডিকশন ম্যাপ তৈরির কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে৷ এই কাজ সম্পূর্ণ হবার পর সাধারণ মানুষ যাতে এই ম্যাপ দেখে নিজেদের থানা এলাকা জানতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হবে৷ কারন নতুন নতুন থানা তৈরি হবার ফলে পাল্টে গিয়েছে তাদের এলাকার সীমানা৷ এছাড়াও কলকাতা পুলিশের দীর্ঘদিনের বিভিন্ন থানার মধ্যে সীমানা সমস্যারও ইতি ঘটবে৷

The post থানার সীমানা বলে দেবে লালবাজারের স্যাটেলাইট ম্যাপ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CKvyGY
via IFTTT

Comments