লোকসভার জিয়নকাঠি ‘রাম মন্দির’ নিয়ে সোশ্যালে সরব বিজেপি

শেখর দুবে, কলকাতা: রাম মন্দির ইস্যু অতীতে বিজেপকে জাতীয় দলের তকমা পেতে সাহায্য করেছে৷ আরও ভালো করে বললে অযোধ্যায় রাম মন্দির নির্মানকে সামনে রেখে সারা দেশে মাত্র ২টি আসন থেকে ২৮২ টি লোকসভা আসনে পৌঁছেছে বিজেপি৷ ২০১৯-এর লোকসভা ভোটের আগে আবারও সেই রাম মন্দির ইস্যু নিয়ে মাঠে নামছে বিজেপি৷

তবে এবার ফেসবুক টুইটারেই রাম মন্দির নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন বিজেপি নেতারা৷ ২৯ নভেম্বর রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি শুরুর কথা থাকলেও তা হয়নি৷ রঞ্জন গগৈয়ের বেঞ্চ ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে শুনানির দিন৷ এই রায় সামনে আসার পর সোশ্যাল মিডিয়াতে রাম মন্দির নিয়ে মতামত প্রকাশ করেন বেশ কিছু বিজেপি নেতা৷ বাংলা বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট দেবজিৎ সরকার লেখেন ‘‘মন্দির
ওখানেই হবে! নিঃসন্দেহে৷’’

তবে বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়ার পোষ্টে কিন্তু চিঁড়ে ভিজছে না৷ প্রায় ২৭ বছর আইনি পথে রাম মন্দির মামলার সমাধান না হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে রামভক্তদের ক্ষোভ উপচে পড়ে৷ বিজেপি নেতারা যাই বলুন না কেন সোশ্যাল মিডিয়াতে রাম মন্দির নিয়ে বিজেপির ভূমিকার সমালোচনা করেছেন অনেকেই৷ পাশাপাশি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার অর্ডিন্যান্স এনে রাম মন্দির নির্মাণ করুক এই দাবিও উঠেছে বিভিন্ন মহলে৷

সুপ্রিম কোর্টের উপর ভরসা না রেখে সরাসরি আন্দোলনে নেমে বিজেপি সরকারকে চাপে ফেলতে চাইছে হিন্দু সংগঠনগুলিও৷ সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের প্রধান শচীন্দ্রনাথ সিংহ বলেছেন, ‘কেন্দ্রে মোদী, উত্তরপ্রদেশে যোগী সরকার থেকেও যদি এই অর্ডিন্যান্স না আসে তাহলে আর কবে আসবে?’’

বিশেষজ্ঞদের মতে, বিজেপি নেতারা মুখে যাই বলুন না কেন ২০১৯ ভোটের আগে রাম মন্দির নিয়ে কোন পদক্ষেপ নিতে চাইবে না মোদি-সরকার৷ কারণ এই মুহূর্তে এরকম একটি সংবেদশীল বিষয়ে কোন পদক্ষেপ নিলে হিতে-বিপরীত হতে পারে তা ভালোই বোঝেন মোদী-শাহজুটি৷ সঙ্গেই লোকসভা ভোটের আগে দেশের বড় অংশের সংখ্যালঘুদের বিরাগভাজনও হতে চাইছে না বিজেপি৷ সে কারণে সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখেই ‘‘রাম মন্দিরের’’ তীর ছুঁড়তে চাইছে মোদীব্রিগেড৷ আপাতত তাই ‘‘রাম মন্দির নির্মাণ’’ সীমাবদ্ধ থাকছে সোশ্যাল মিডিয়া৷

The post লোকসভার জিয়নকাঠি ‘রাম মন্দির’ নিয়ে সোশ্যালে সরব বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yISPEt
via IFTTT

Comments