নতুন সভাপতির নাম ঘোষণা করল মোহনবাগান
কলকাতা: যখনই কোনও আইনি জটিলতায় জড়িয়েছে ক্লাব, বারবারই ছুটে এসেছেন তিনি। শাসক-বিরোধী দুই গোষ্ঠীর সঙ্গেই তাঁর সমান সখ্যতা। তবে টুটু কিংবা টুম্পাই ঘনিষ্ঠ বলেই তাঁর পরিচিতি ক্লাবে। সদ্য সমাপ্ত মোহনবাগান ক্লাবের নির্বাচনের আগে তাই মনেপ্রাণে টুটু বসু গোষ্ঠীরই জয় চেয়েছিলেন গীতানাথ গাঙ্গুলি। সেইমতই ৪৮ ঘন্টা আগে বাগান সদস্যরা বেছে নিয়েছেন তাঁদের পছন্দের কার্যকরী সমিতিকে। বুধবার সেই কার্যকরী সমিতি বেছে নিল তাঁদের আগামিদিনের সভাপতিকে।
বুধবার দুপুরে মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে বসেছিল নবনির্বাচিত কার্যকরী সমিতির সভা। আর সেই সভাতেই ঘোষিত হল ক্লাবের নতুন সভাপতির নাম। কার্যকরী সমিতির সকল সদস্যের সম্মতিতেই মোহনবগানের নতুন সভাপতি নির্বাচিত হলেন আইনজীবী গীতানাথ গাঙ্গুলি। কার্যকরী সমিতির শুরুতেই এদিন নতুন সভাপতি হিসেবে গীতানাথ বাবুর নাম প্রস্তাব করেন বাগানের নতুন সচিব টুটু বসু। এরপর সভার বাকি সদস্যরা টুটু বাবুর সেই প্রস্তাবে সহমত পোষণ করেন।

নতুন সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই যোগাযোগ করা হয় গীতানাথ বাবুর সঙ্গে। তাঁকে অনুরোধ জানানো হয় ক্লাবে এসে নতুন দায়িত্বভার গ্রহণ করার জন্য। কথামতই উত্তর কলকাতার বাসভবন থেকে সরাসরি কার্যকরী সমিতির বৈঠকে যোগদান করেন বিখ্যাত আইনজীবী। সেখানেই ফুল, মালা, মিষ্টিতে বরণ করে নেওয়া হয় নবনির্বাচিত সভাপতিকে। এরপর ক্লাবের মাঠে কালীঘাট এমএসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দেখতে হাজির হন গীতানাথবাবু।

এদিনের সভা থেকে বেছে নেওয়া হয় সহ-সভাপতিদের নামও। যে তালিকায় রয়েছেন রাজ্যের পঞ্চায়ের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বাগান দিকপাল চুনী গোস্বামী, বলরাম চৌধুরি, অরূপ রায়, বীরু চট্টোপাধ্যায়ের মত প্রবীণ সদস্যরা। সভাপতি পদ অলংকৃত করে আপ্লুত গীতানাথ বাবু জানান, ‘এই দায়িত্ব যত না বড়, তাঁর চেয়ে অনেক বেশি সম্মানের। মোহনবাগান ক্লাবের সভাপতি হওয়া মুখের কথা নয়। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মোহনবাগান ক্লাবের ব্যাপ্তি অনেক। এই মুহূর্তে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়।’
The post নতুন সভাপতির নাম ঘোষণা করল মোহনবাগান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ADfCmt
via IFTTT
Comments
Post a Comment