৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির
নিউ ইয়র্ক: অ্যাডভেঞ্চারে আসক্ত ছিলেন দুজনেই৷ যেখানেই বেড়াতে যেতেন নতুন কিছু করার শখ তাড়া করে বেড়াত৷ বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো ও অ্যাডভেঞ্চারের শখই যে এভাবে প্রাণ কেড়ে নেবে ভেবে উঠতে পারেননি কেউই৷ পাহাড়ে চড়ার মর্মান্তিক পরিণতি হল এক ভারতীয় দম্পতির৷
ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে বেড়াতে যান বিষ্ণু বিশ্বনাথ ও তাঁর স্ত্রী মীনাক্ষী মুর্তি৷ বিষ্ণুর বয়স ২৯ বছর ও মীনাক্ষী ৩০৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর এই দম্পতি বেড়াতে যান ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে৷ সেখানেই ৮০০ ফুট খাঁড়া পাহাড় থেকে নীচে পড়ে যান দুজনেই৷ তাঁদের সোমবার খুঁজে পাওয়া যায়৷ চাকরি-সূত্রে তাঁরা আমেরিকায় থাকতেন৷
রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি সান জোসের কিসকোয় সিস্টেম ইঞ্জিনিয়ারের চাকরি পান বিষ্ণু৷ থাকতে শুরু করেন নিউ ইয়র্কে৷ সারা বিশ্ব ঘুরে বেড়ানো তাঁদের নেশা ছিল৷ এই নিয়ে তাঁদের “হলিডে হ্যাপিলি এভার আফটার” নামে একটি ব্লগও রয়েছে৷
এবার ছুটিতে বেড়াতে যান ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে৷ সেই পার্কেরই খাড়া পাহাড়ের ওপর থেকে পুরো পার্কের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়৷ বেশ জনপ্রিয় টুরিস্ট স্পট এটি৷ ইয়োসেমাইট ভ্যালি, ইয়োসেমাইট ঝর্ণা ও ইএল ক্যাপিটানের টানেই তাঁরাও ৮০০ ফুট উপরে ওঠেন৷ ঠিক তার নীচেই তাঁদের মৃতদেহ মেলে৷ বেড়াতে আসা কিছু পর্যটকই তাঁদের দেহ দেখতে পান৷
পার্কের মুখপাত্র জেমি রিচার্ড জানিয়েছেন “আমরা এখনও পর্যন্ত জানিনা তাঁরা কী করে পড়ে গেলেন৷ আমরা ঘটনাটা বোঝার চেষ্টা করছি৷ আমরা হয়ত কখনই জানতে পারব না, তবে পারিপার্শ্বিক সবকিছু দেখে এটাই বলা যায় তাঁরা দুর্ভাগ্যজনক ভাবে পড়ে গিয়েছেন৷”
তদন্তকারীরা পড়ে যাওয়ার কারণ নিয়ে তদন্তে নেমেছেন৷ তাঁরা বোঝার চেষ্টা করছেন কী ভাবে তাঁরা এত উঁচু থেকে পড়ে যেতে পারেন৷ ঠিক যে জায়গা থেকে তাঁরা পড়ে গিয়েছেন সেটাই এই পার্কের মূল আকর্ষণ৷ এখানেই সারা বিশ্ব থেকে পর্যটকরা এসে ওঠেন এবং অসাধারণ ফোটোগ্রাফ ক্যামেরাবন্দি করে নিয়ে যান ও সিনিক বিউটি উপভোগ করেন৷
প্রথমে ন্যাশনাল পার্কের তরফে জানানো হয় এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে যাঁরা ন্যাশনাল পার্কের ঝর্ণার উপরের দিক থেকে সোজা নীচে পড়ে গিয়েছেন৷ দিনটি ছিল ২৫শে অক্টোবর৷ তাঁরা এও জানান এঁরা দুজনেই ৮০০ ফুট চড়াই থেকে নীচে পড়ে গিয়েছেন৷
প্রযুক্তির সাহায্য নিয়ে পার্কের রেঞ্জাররা তাঁদের দেহ উদ্ধার করেন৷ রাপেলিং টেকনিকেরও ব্যবহার করা হয়৷ ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলে ব্যবহৃত হেলিকপ্টারেরও সাহায্য নেওয়া হয় এই উদ্ধারকাজে৷
রিপোর্টে জানানো হয়েছে দম্পতি বিয়ে করেন ২০১৪ সালে৷ দুজনেই সফটওয়্যার এঞ্জিনিয়ার৷ বিষ্ণু বিশ্বনাথের অফিশিয়াল ফেসবুক পেজের কভার পিকচারে রয়েছে দুজনের গ্র্যান্ড ক্যানিয়নে চড়ার পর নেওয়া একটি ছবি৷ যে ছবি বয়ান করে তাঁদের ভালোলাগা, বেড়ানোর উত্তেজনা৷ ছবিতে দুজনের মুখের হাসিই প্রমাণ করে ইচ্ছা পূরণের উন্মাদনা৷ সেই উন্মাদনাই জীবন কেড়ে নিল দুই প্রকৃতিপ্রেমীর৷ বাকি রয়ে গেল অনেক কিছু এক্সপ্লোর করার স্বপ্ন৷ যে ভালবাসাকে আঁকড়ে দুজনের ঘুরে বেড়ানো দেশ থেকে দেশান্তরে সেই প্রকৃতির সঙ্গেই নির্মল আনন্দে সামিল হতে গিয়ে অসাবধানী পা দুজনকেই নিয়ে গেল গভীর খাদে৷ গভীর শূন্যতায়৷
The post ৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qk0ODo
via IFTTT
Comments
Post a Comment