স্কুলে হুল্লোড়, কেক-মিষ্টিতে পড়ুয়াদের জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার, মহিষাদল: এ স্কুলের মজাই আলাদা৷ এ স্কুলে জন্মদিনের হুল্লোড়ে মাতে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা৷ কেক কেটে, মিষ্টি খাইয়ে, উপহার বিনিময় করে চলে জন্মদিন পালন৷ গত জুলাই মাস থেকে পালা করে প্রতিমাসে স্কুলের ছাত্রছাত্রীদের অভিনব ভাবে জন্মদিন পালন করা হয় স্কুল চত্ত্বরেই৷ এমনই মজার ছবি প্রতি মাসে ধরা পড়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেশবপুর গুনধর তপোবন শিক্ষা নিকেতনে৷

শুধু খাওয়া দাওয়াই নয়, সঙ্গে থাকে সমাজ সচেতনতার বার্তাও৷ কেক মিষ্টি উপহারের পালা সাঙ্গ করে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ৷ দেওয়া হয় পরিবেশ সচেতনতার বার্তা৷ চারাগাছ দিয়ে স্কুলে ২৫ জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করে নজির তৈরি করলেন স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক- শিক্ষিকারা।
তাঁদের কথায় যে মাসে যতজন ছাত্রছাত্রীর জন্মদিন পড়ে ততজন ছাত্রছাত্রীর একসাথে জন্মদিন পালন করা হয়। প্রতিমাসের শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হয়ে থাকে। অক্টোবর মাসে ২৫ জন ছাত্রছাত্রীর জন্মদিন পড়ায় বুধবার সকালে ছাত্রছাত্রীদের অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে ঘটা করে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করল এই স্কুল৷

জন্মদিনে গান বাজনা হবে তা হয় নাকি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গান পরিবেশন করেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্য দীপা পন্ডা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা প্রতিষ্ঠানের সম্পাদক রঘুনাথ পন্ডা, স্থানীয় ঘাষিপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন শিক্ষক গৌরহরি জানা সহ অন্যান্যরা।

প্রতিষ্ঠানের সম্পাদক রঘুনাথ পন্ডা জানান, পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ড অনুমোদিত এই কেশবপুর গুনধর তপোবন শিক্ষা নিকেতন প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে৷ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদান করা হয়। স্কুলে মোট ২৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের পঠনপাঠনের জন্য রয়েছে মোট ১১ জন শিক্ষক-শিক্ষিকা৷

ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য প্রতি মাসে স্কুলে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করার কর্মসূচী গ্রহন করা হয়েছে। গত জুলাই মাস থেকে ক্রমগত সেই কর্মসূচী পালন হয়ে চলেছে। স্কুলের তরফ থেকে জানানো হয় আগামীদিনেও একইভাবে এই আনন্দ উৎসব পালন করা হবে৷ এদিন স্কুলে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য কেক, পায়েস ও মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগী থেকে স্থানীয় মানুষজন।
The post স্কুলে হুল্লোড়, কেক-মিষ্টিতে পড়ুয়াদের জন্মদিন পালন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DedmF1
via IFTTT
Comments
Post a Comment