চোর কে? ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় সন্দেহ বাড়ির লোককেই

স্টাফ রিপোর্টার, বালুরঘাট:  চোর ঢুকল কীভাবে? সবথেকে বড় প্রশ্ন এখন এটাই৷ এই প্রশ্নেই এখন হিমশিম খাচ্ছে পুলিশ আধিকারিকরা৷ সম্ভাবনা দুটো৷ এক, বাড়ির কেউ এই চুরির ঘটনায় যুক্ত৷ দুই, বহিরাগতকে সাহায্য করেছে বাড়ির লোক, তারপরে চুরি হয়েছে৷ এই দুই সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা৷

মঙ্গলবার ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটের কংগ্রেস পাড়ায়৷ খোয়া যায় কয়েক হাজার টাকা ও কয়েক ভরি সোনার গহনা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ৷ তদন্তে নেমে চুরির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা৷ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাইরে থেকে এসে নয়। বাড়িরই কেউ এই নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে চুরির গল্প দিয়ে থাকতে পারেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে কংগ্রেস পাড়া এলাকার বাসিন্দা শুভ্রাংশু সিকদার তাঁর বাড়ির দোতলায় মায়ের ঘরে গিয়ে লক্ষ্য করেন জানালা ও পিছনের দরজা খোলা অবস্থায় রয়েছে। ভিতরে বিছানার উপর আলমারির সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমারির মধ্যে রাখা নগদ টাকা ও গহনা সমস্ত কিছু চোরেরা হাতিয়ে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে গিয়ে দেখেন বিছানার উপর মাছ ধরার পুরোন নড়বড়ে লম্বা একটি হুইল পড়ে রয়েছে। জানালা দিয়ে ছিপ ঢুকিয়ে তা দিয়ে উলটো দিকের দরজার ছিটকানি ও হুড়কো খোলা হয়েছে৷

কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে বিছানার উপরে পড়ে থাকা হুইলের ছিপ এতটাই নড়বড়ে যে তা দিয়ে হুড়কো তো দূরের কথা, ছিটকানিও খোলা সম্ভব নয়। তাছাড়াও হুইলের ছিপটি লম্বায় এতটাই ছোট যে জানালা দিয়ে হাত গলিয়ে সেই ছিপ দরজার হুড়কো ও ছিটকিনি অবধি পৌছানও অসম্ভব বলে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন।

এদিকে পানীয় জলের ব্যবসায়ী শুভ্রাংশু সিকদার জানিয়েছেন, দুপুরে দোতলায় গিয়ে চুরির ঘটনাটি তিনি প্রথম দেখতে পান। মালদহে এক আত্মীয় মারা যাওয়ায় তাঁর মা সেখানে গিয়েছেন। বাড়িতে মা না থাকার সুযোগ নিয়ে চোরেরা উপরে সিঁড়ি দরজা দিয়ে এসে মায়ের ঘরে চুরি করে পালিয়েছে।

The post চোর কে? ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় সন্দেহ বাড়ির লোককেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DeoTnG
via IFTTT

Comments