গণির গড়ে আধিপত্য কায়েম করতে প্রচার শুরু বিজেপির
স্টাফ রিপোর্টার, মালদহ: সামনেই লোকসভা ভোট৷ আসন্ন ভোটকে নজরে রেখে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি৷ বিশেষত মালদহে কংগ্রেসের গড়ে গেরুয়া পতাকা ওড়াতে বদ্ধ পরিকর তাঁরা৷ যদিও পরবর্তীকালে এই জেলায় আধিপত্য কায়েম করেছে শাসক দল তৃণমূল৷ তবে এবার দিন বদলানোর ডাক দিয়ে পথে নামলেন জেলা বিজেপির মহিলা মোর্চার সদস্যরা৷ মঙ্গলবার প্রতিটি ব্লক থেকে প্রচার শুরু করলেন তাঁরা৷

এদিন জেলার হবিবপুর ও বামনগোলায় দুটি জেলা পরিষদ এলাকার মহিলাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদহ জেলা মহিলা মোর্চার সম্পাদিকা মৌসুমী মিত্র ও সভানেত্রী তন্দ্রা পাল৷ মালদহের একদম নিচু স্তর থেকে জোরকদমে প্রচার শুরু করলেন মালদহ মহিলা মোর্চার সদস্যরা। এই প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রামের মানুষ কিভাবে পাবেন ও কোনটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করেন তাঁরা৷

মালদহ মহিলা মোর্চার সম্পাদিকা তথা জেলা অবজারভার মৌসুমী মিত্র বলেন, সামনে বিজেপির রথযাত্রা ও লোকসভা ভোট রয়েছে। এই উদ্দেশ্যে আগামী ১০ নভেম্বর মালদহ জেলায় আসছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেই উদ্দেশ্যেই জেলার নিচু স্তর থেকে আলোচনা ও সভা করা শুরু হয়েছে৷ বিজেপির অভিযোগ মানুষকে যেভাবে তথ্য গোপন করে এই রাজ্য সরকার ভাঁওতা দিচ্ছে, তাতে মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ছে। সেই কারণেই এদিন বামনগোলা ও হবিবপুরে প্রচার চালাবে তারা৷

উল্লেখ্য, মালদহ জেলা বরাবরই কংগ্রেস শাসন করে এসেছে। গনি পরিবারের সদস্যরাই এর কান্ডারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এক সময়। তবে বর্তমানে মালদহ জেলা কংগ্রেসের এই শক্ত ঘাঁটি থেকে অনেক বড় নেতারা পিছপা হচ্ছেন৷ ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের পর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও রতুয়া বিধানসভা কেন্দ্রে বিধায়ক সমর মুখার্জি একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসের হাত ধরেছেন।

অন্যদিকে ব্লক স্তরেও অনেক কংগ্রেস নেতা তৃণমূলে যোগদান করেছেন। ফলে মালদহ জেলায় কংগ্রেসের কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে৷ অন্যদিকে জেলাতে পঞ্চায়েতে ভালো ফল করলেও তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে। ফলে এমত অবস্থায় সামনে লোকসভা ভোট৷ সেই ভোটে বড় দল হিসেবে দেখা যাচ্ছে বিজেপিকেই বলে মত গেরুয়া শিবিরের৷ সেই আশায় বুক বেঁধেই নির্বাচনী লড়াইয়ে ঝাঁপাতে চাইছেন তাঁরা৷
The post গণির গড়ে আধিপত্য কায়েম করতে প্রচার শুরু বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q6jLok
via IFTTT
Comments
Post a Comment