টঙ্ক এক্সপ্রেসের উত্থানে সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গ পেসার

স্বাগত ঘোষ, কলকাতা: দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ইতিমধ্যেই কম্বিনেশন তৈরিতে ব্যস্ত ক্রিকেট বিশ্বের প্রথম সারির দলগুলি। ঘরের মাঠে সফররত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্বকাপের দলের প্রাথমিক একটা ধারণা পেতে চাইছেন বিরাট কোহলি, রবি শাস্ত্রীরা। সেই লক্ষ্যে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়েই হাঁটছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। সময়োপযোগী ইনিংস খেলে অধিনায়কের আস্থা অর্জন করতে সফল অম্বাতি রায়াডু। বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা পাকা করে ফেলেছেন ইতিমধ্যেই। তবে শুধু ব্যাটিং নয়, বিশ্বকাপের দিকে তাকিয়ে বিরাট ব্রিগেডের সমান নজর দলের বোলিং পারফরম্যান্সের দিকেও। সেখানেই সিঁদুরে মেঘ দেখছেন বাংলার পেসার মহম্মদ সামি।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে গত বিশ্বকাপে দলের বোলিং পারফরম্যান্স ছিল নজরকাড়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হবার আগে প্রতিটি ম্যাচে বিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়েছিল উমেশ-সামি সমৃদ্ধ ভারতীয় বোলিং। যথাক্রমে ১৮ উইকেট এবং ১৭ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই পেসার ডুয়ো। আর পিছন থেকে সহযোগিতা করেছিলেন মিডিয়াম পেসার মোহিত শর্মা।

ভারতীয় বোলিং বিভাগে মোহিত এখন অতীত। গত তিন বছরে বোলিং বিভাগে রাজকীয় উত্থান ঘটেছে জসপ্রীত বুমরাহ’র। ২০১৭ থেকে এযাবৎ ৩৫ ম্যাচে ৬৯ টি উইকেট তাঁর ঝুলিতে। পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে এই মুহূর্তে সবচেয়ে সফল ভুবনেশ্বর কুমার। তাই ২০১৯ বিশ্বজয়ের লক্ষ্যে ভারতের বোলিং বিভাগের ব্যাটন থাকবে অবশ্যই এই দুই বোলারের হাতে। তবে স্লগ ওভার স্পেশালিস্ট বুমরাহ ওপেনিংয়ে স্বচ্ছন্দ নন ততটা। সুতরাং ভুবনেশ্বরের সঙ্গে বোলিং বিভাগে ওপেন করবেন কে? বড়সড় প্রশ্নচিহ্ন সেখানেই।

কারণ গত বিশ্বকাপের সবচেয়ে সফল দুই বোলার ভারতীয় দলে বেশ অনিয়মিত গতবছর থেকে। ২০১৭ থেকে এখনও অবধি মাত্র ১৩টি ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করে উমেশের ঝুলিতে ১৯ টি উইকেট। আরও শোচনীয় দশা বঙ্গ পেসার মহম্মদ সামির। চোটের কারণ হোক কিংবা মাঠের বাইরের নানা কারণে গতবছর থেকে ওয়ান ডে’তে একেবারেই অনিয়মিত তিনি। ২০১৭ থেকে এযাবৎ মাত্র ৫ টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন সামি, ঝুলিতে সাত উইকেট। তুলনায় অনেকটাই এগিয়ে প্রথম দুই পেসার।

 

বোলিংয়ে ঘাটতি পূরণ করতে শার্দুল ঠাকুর, দীপক চাহার, বারিন্দর স্রান, জয়দেব উনাদকটদের সুযোগ দেওয়া হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তরুণ প্রতিভাদের কেউই। কিন্তু হঠাৎই বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে দলে ঠাঁই পেয়ে সামি-উমেশদের রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এক বাঁ-হাতি পেসার। সেপ্টেম্বরে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে অভিষেক ম্যাচটি খেলেছিলেন খলিল। তারপর থেকে ক্যারিবিয়ান সিরিজের শেষ ম্যাচ অবধি পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। ২০১৭ থেকে পরিসংখ্যানের বিচারে পিছনে ফেলেছেন মহম্মদ সামিকেও। মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ম্যাচে বিধ্বংসী খলিল তুলে নেন ১৩ রানে তিন উইকেট। তাঁর আগুনে বোলিং দেখে তাল ঠুকছেন নির্বাচকরা। নির্বাচকদের পছন্দসই একজন বাঁ-হাতি পেসারের অভাব অবশেষে মিটতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

বিশ্বকাপের কথা ভেবে এখনই কোনও সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ না হলেও ধারাবাহিক পারফরম্যান্সে কোহলির দলের তৃতীয় পেসার হয়ে উঠতে পারেন তিনিও। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে যদি সুযোগ পেয়ে বাজিমাৎ করে যান রাজস্থানের এই বাঁ-হাতি পেসার, সেক্ষেত্রে গদি টলমল ৪৫ ম্যাচে ৯২ উইকেট পাওয়া বঙ্গ পেসার সামি। কারণ অলরাউন্ডার হিসেবে বোলিং বিভাগেও দায়িত্বটা ভালোই সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তাই শেষ কয়েকটা মাসে ধারাবাহিকতার অভাব এবং দলে অনিয়মিত হয়ে ওঠার ফল কি বিশ্বকাপে ভুগতে হবে বঙ্গ পেসারকে, সময় বলবে সেটা। তবে ‘টঙ্ক এক্সপ্রেস’ যে গত বিশ্বকাপের সফল দুই পেসারকে হঠিয়ে ইংল্যান্ডগামী দলে ঢোকার খেলায় ইতিমধ্যেই সামনে চলে এসেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

The post টঙ্ক এক্সপ্রেসের উত্থানে সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গ পেসার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zgXLjD
via IFTTT

Comments