চিকিৎসার গাফিলতি, প্রসূতির মৃত্যুতে বিক্ষোভ কান্দিতে

স্টাফ রিপোর্টার, বহরমপুর: গর্ভবতীর মৃত্যু ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি৷ তাঁর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে৷

রোগিনীর পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে গর্ভবতী যুবতীর মৃত্যু হয়েছে৷ মৃতার নাম চুমকি পাল (১৭)৷ সে কান্দি থানার ভান্ডেরা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাতই অসুস্থ হয়ে পড়ে সে৷ তাঁকে নিয়ে যাওএয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে৷ ভরতি করানো হয় সেখানে৷ কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গর্ভবতী মহিলার।

মৃত্যুর খবর জানতে পেরেই হাসপাতালে বচসা ও বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন৷ চিকিৎসকদের সঙ্গে রীতিমত হাতাহাতিও হয়৷ পরে ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার বাবা অভিযোগ করেন যে গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছিল তাঁর মেয়েকে৷ কিন্তু চিকিৎসক জানান রক্তের চাপ বেশি থাকার কারণেই অসুস্থ হয়ে পড়েছে সে৷

পাশাপাশি জানানো হয় চুমকির এখনই প্রসবের সম্ভাবনা নেই৷ এই কারণ দেখিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে৷ এমনকি সোমবারও তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের চেম্বারে৷ তখনও চিকিৎসক বলেন চুমকি সুস্থ রয়েছে৷

মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাৎ মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে প্রসূতির। সঙ্গে সঙ্গে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ পরিবারের প্রশ্ন যদি সোমবার পর্যন্ত রোগিনী সুস্থ থাকে, তাহলে মঙ্গলবার থেকে অবস্থার এত অবনতি কী করে হয়? সঠিক চিকিৎসা হলে তাঁর মৃত্যু ঠেকানো যেত বলেই মনে করছেন পরিবারের লোকজন৷

যদিও অভিযোগের কথা স্বীকার করেছেন কান্দি মহকুমা হাসপাতালের সুপার মহেন্দ্র মান্ডি। সুপার বলেন চিকিৎসার গাফিলতিতে এক জন গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগ পেয়েছি। তবে কী ভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি৷ এই ঘটনার বিভাগীয় তদন্ত করে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি৷

The post চিকিৎসার গাফিলতি, প্রসূতির মৃত্যুতে বিক্ষোভ কান্দিতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Sy30Ej
via IFTTT

Comments