শহিদদের শ্রদ্ধা জানাতে সাইকেলে ভারত দর্শনে ভীমা

সৌমিক কর্মকার, কলকাতা: পথে দেখলাম কামার, দা গড়ে দে আমার৷ অনেকটা সেভাবেই গত মঙ্গলবার রাতে খুঁজে পেয়েছিলাম ভীমাশঙ্কর মাডাগয়ালকে৷ রাস্তার পাশে সাইকেল রেখে তিনি তখন ব্যস্ত কলকাতাকে ফ্রেমবন্দি করার কাজে৷

দেখুন ভিডিও:

আমার মতো যাঁদের ১৫ মিনিট আধঘণ্টা হাঁটলেই পা ব্যথা করে, তাঁদের সাইকেল-অভিযাত্রীদের দূর গ্রহের জীব বলে মনে হওয়া স্বাভাবিক৷ আমারও তাই হয়েছিল৷ ফলে কর্ণাটকী এই যুবকের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি৷

সেই আড্ডাতেই উঠে এল নানা চাঞ্চল্যকর তথ্য৷ ভাঙা ভাঙা হিন্দিতে ভীমা জানালেন, তিনি কর্ণাটক পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত৷ ১২০ দিনের ছুটিতে বেরিয়েছেন ভারত দর্শনে৷ দিল্লি থেকে শুরু করেছেন৷ প্রতিটি রাজ্যের রাজধানী ঘুরে আবার দিল্লিতেই শেষ করবেন৷

কর্ণাটকের যুবক৷ সেখানই বাড়ি৷ চাকরিও করেন সেখানে৷ তাহলে দিল্লি থেকে কেন যাত্রা শুরু৷ প্রাথমিক কথাবার্তার ফাঁকেই খটকা লেগেছিল৷ জানতে চাওয়ায় বললেন, তাঁর এলাকার এক ব্যক্তির কাছে কারগিল যুদ্ধের কথা শুনেছিলেন৷ দু’বার কর্ণাটক থেকে সাইকেলে চেষ্টা করেও আবহাওয়ার জন্য কারগিল পৌঁছতে পারেননি৷ তাই এবার দিল্লি থেকে শুরু করেছেন৷

ভীমাশঙ্কর অবশ্য এবারও সাইকেলে কারগিল যেতে পারেননি৷ সেনা জওয়ানদের পরামর্শে বাসেই দেখে এসেছেন কারগিল৷ কিন্তু তাতেই তিনি খুশি৷ কারণ, তাঁর ভারত দর্শনের মুখ্য উদ্দেশ্য, শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো৷ ভারতকে বীর নামে একটি ওয়েবসাইটের প্রচারে৷ যেখানে শহিদ জওয়ানদের জন্য অর্থদান করা যায়৷ সাইকেলের সামনে তাই ওই ওয়েবসাইটের ইউআরএল লিখে তিনি এগিয়ে চলেছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে৷

The post শহিদদের শ্রদ্ধা জানাতে সাইকেলে ভারত দর্শনে ভীমা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pn9ZBo
via IFTTT

Comments