নিরাপত্তা রক্ষীহীন এটিএম ভেঙে লক্ষাধিক টাকা চুরি তমলুকে
স্টাফ রিপোর্টার, তমলুক: সপ্তাহের শুরুতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের তমলুকে৷ অভিযোগ, ব্যাংকের ওই এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না৷ আর সেই কারণেই লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, তমলুক থানা এলাকার কাঁকটিয়া বাজারের হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে৷ অভিযোগ, সেখানেই মঙ্গলবার ভোর রাতে দুস্কৃতীরা হামলা চালায়৷ একটি গ্যাসকাটার দিয়ে এটিএম ভেঙে প্রায় লক্ষাধিক টাকা চুরি নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল৷ এলাকাবাসীদের ক্ষোভ, এমন ব্যস্ত রাস্তার উপর এটিএম কাউন্টারে কেন কোনও নিরাপত্তা রক্ষী থাকবে না? তবে ওই এটিএম কাউন্টারে সিসিটিভি ছিল৷ সেক্ষেত্রেও সাধারণ মানুষের প্রশ্ন, সিসিটিভি থাকার পরও কিভাবে এই ডাকাতির ঘটনা ঘটে?

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর এই এটিএম কাউন্টারের বিপরীতেই একটি স্থানীয় বাজার রয়েছে৷ সেই বাজারে রাতে প্রহরী ছিল৷ তাঁর চোখেও এই ঘটনা ধরা পড়েনি৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকে দুষ্কৃতীর দল এই ডাকাতির পরিকল্পনা করে রেখেছিল৷ তারা সব রকম বন্দোবস্ত করেই এই ডাকাতির অভিযান চালায়৷ তবে যেহেতু এটিএম কাউন্টারে সিসিটিভি ছিল সেহেতু দুষ্কৃতীদের পাকড়াও করতে অনেক বেশি সুবিধা হবে বলে মনে করছে জেলা পুলিশ৷
প্রসঙ্গত, এর আগেও বহুবার এটিএম থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে জেলায়৷ বেশ কিছুদিন আগে কলকাতা জুড়ে এটিএম থেকে গ্রাহকদের টাকা উধাও হয়ে যাচ্ছিল৷ সেই টাকার কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না৷ এই নিয়ে বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল শহর জুড়ে৷ এছাড়াও বেশ কিছুদিন আগে হাওড়া সংলগ্ন লিলুয়া এলাকায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম কিয়স্কের মেশিনের ভেঙে টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা৷ একই ঘটনা ঘটে তেঁতুলতলার বেনারস রোডের একটি এটিএম কিয়ক্সেও৷ এই দু’টি এটিএম কিয়স্কেই নিরাপত্তারক্ষী ছিল না বলে জানা গিয়েছে৷ গ্যাস কাটার দিয়ে দুষ্কৃতীরা টাকা লুঠ করেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল৷
এই ঘটনা প্রথম নয়৷ মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে জায়গা করে নেয় এটিএম ভেঙে টাকা লুঠের মতো ঘটনা৷ কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে, নিরাপত্তারক্ষীহীন এটিএম কাউন্টার বলেই এমন ঘটনা ঘটেছে৷ সাধারণ মানুষ তথা গ্রাহকদের অভিযোগ, বারেবারে এই ধরনের ঘটনা ঘটলেও ব্যাংকের কর্তৃপক্ষের তরফে কোনও হেলদোল মেলে না৷ এমনকি বাড়ানো হয় না এটিএম কাউন্টারগুলির নিরাপত্তাও৷ ফলে এভাবেই নির্লিপ্ত ভাবে ঘটে চলেছে এটিএম লুঠের মতো ঘটনা৷
The post নিরাপত্তা রক্ষীহীন এটিএম ভেঙে লক্ষাধিক টাকা চুরি তমলুকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D1krZv
via IFTTT
Comments
Post a Comment