পথদুর্ঘটনা থেকে দেহ উদ্ধার, সকাল থেকেই চাঞ্চল্য বাঁকুড়ায়

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: এক ঠিকা শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার জুনসরা গ্রামে। মৃতের নাম অদ্বৈত রায় (২৬)।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে জুনসুরা গ্রামের মানুষ স্থানীয় সেচ খালের পাশে প্রাতঃকৃত্য সারতে গিয়ে দেখেন তাদের গ্রামেরই ছেলে অদ্বৈত রায়ের মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই পুলিশে খবর দেন। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মৃতের পরিবারের লোকজনেরাও।

পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত অদ্বৈত রায় একজন ধান ব্যবসায়ীর অধীনে ঠিকা শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে কাজে বেরিয়ে আর তিনি বাড়ি ফেরেননি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়৷ স্থানীয়দের অনুমান, রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে কোনও গাড়ি ঐ ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যদিও পুলিশের পক্ষ থেকে এবিষয়ে কোনও মন্তব্য করা না হলেও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, বেপরোয়া লরির ধাক্কায় কম বেশী আহত হলেন পাঁচ জন। এদের মধ্যে একটি ৩বছরের শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সোনামুখী থানা এলাকারই রামপুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাঁকুড়া দিক থেকে বর্ধমান যাওয়ার পথে একটি দশ চাকার লরি রামপুর গ্রামের কাছে প্রথমে একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মারে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দু’টি দোকানে ধাক্কা মেরে উলটে যায়। সেই সময় দোকানের সামনে থাকা পাঁচ জন আহত হন। স্থানীয়দের দাবী ওই লরির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রাই আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়৷ চালক পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে সোনামুখী থানার পুলিশ।

ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক রাজু রায় ও সামান্য আহত বিশ্বজিৎ রায় বলেন, কিছু বুঝে ওঠার আগেই সজোরে এসে দোকানে ধাক্কা মারলো লরিটি। সেই সময় আরও বেশ কয়েক জনের সাথে অরিজিৎ রায় নামে বছর তিনেকের একটি শিশুও বাবার কোলে চেপে দোকানে এসেছিল। সকলেই কম বেশী আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রত্যেকের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷

The post পথদুর্ঘটনা থেকে দেহ উদ্ধার, সকাল থেকেই চাঞ্চল্য বাঁকুড়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zcriuE
via IFTTT

Comments