উদ্বোধনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আজ স্কাইওয়াক পরিদর্শনে মন্ত্রী

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রতীক্ষার আবসান৷ কালীপুজোর এক দিন আগে আগামী ৫ নভেম্বর দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় স্কাইওয়াক পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ গত সপ্তাহে বৃহস্পতিবারও তিনি স্কাইওয়াক পরিদর্শনে যান৷ সেখানে সমস্ত দিক ভালো করে খুটিয়ে দেখে তবেই সাধারণের জন্য এই স্কাইওয়াক চালুর সিদ্ধান্তে আসে রাজ্য৷

শক্তিপীঠ দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে ৷ বিশেষ করে কালী পুজোর দিনটিতে ভিড় মাত্রা ছাড়া৷ তাই মন্দিরের সামনের রাস্তায় মানুষের ভিড় ও যানজট এড়াতেই প্রশাসনের তরফে এই স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত৷ এই স্কাইওয়াক পুরোপুরি চালু হয়ে গেলে স্টেশন থেকে সোজা মন্দিরে পৌঁছে যাওয়া যাবে৷ রাস্তায় নামতে হবে না ৷ ফলে যানজটও কম হবে ৷ জানা গিয়েছে, পরবর্তীকালে এই স্কাইওয়াককে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করা হতে পারে৷

তবে শুধু দক্ষিণেশ্বর স্কাইওয়াকই নয়, পরবর্তীকালে কালীঘাটেও স্কাইওয়াক তৈরির কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট মন্দির চত্ত্বরেও স্কাইওয়াক তৈরি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আলিপুরে ‘সৌজন্যের’ উদ্বোধনে যোগ দিয়ে কালীঘাটে স্কাইওয়াক করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কালীঘাটে একটা স্কাইওয়াক করার প্রস্তাব পেয়েছি। বিষয়টি মুখ্যসচিবকে বলেছি। আমরা চেষ্টা করছি কালীঘাটেও যাতে একটি স্কাইওয়াক তৈরি করা যায়। যদি করতে পারি তাহলে খুব সুন্দর জিনিস হবে৷’’

The post উদ্বোধনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আজ স্কাইওয়াক পরিদর্শনে মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qeKJ1Y
via IFTTT

Comments