সিনিয়র সিটিজেন সুবোধ, জন্মদিনের মঞ্চে পাঠ করলেন জয়ের কবিতা
অরুণাভ রাহারায়, কলকাতা: সুবোধ সরকারের ষাট বছরের জন্মদিন উপলক্ষ্যে রবিবার একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিভাস প্রকাশনা। শিশির মঞ্চে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানে এসেছিলেন বাংলা শিল্পসাহিত্য মহলের প্রায় সবাই। শুভাপ্রসন্ন, ব্রাত্য বসু, দেবশংকর হালদার, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত-সহ আরও অনেকে কথায় কবিতায় শ্রদ্ধা জানান কবিকে।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে ছিল সাংবাদিক গৌতম ভট্টাচার্যের মুখোমুখি সুবোধ সরকার। গৌতম প্রশ্ন করেন– একজন চূর্ণী নদীর ধারে বড় হয়েছেন, আরেকজন জলঙ্গী নদীর ধারে। পরে তাঁরা দু’জনেই বিখ্যাত কবি জয় গোস্বামী এবং সুবোধ সরকার। দু’জনকেই এখন আর কাছাকাছি দেখা যায় না কেন? এর উত্তর দিতে গিয়ে সুবোধ তাঁর কবিতার খাতায় লিখে রাখা জয় গোস্বামীর একটি কবিতার ৬ লাইন পড়ে শোনান। কবিতাটি সদ্য প্রকাশিত হয়েছে একটি সাময়িকপত্রের শারদ সংখ্যায়। এই বিরল মুহূর্তের সাক্ষী থাকল রবিবারের শিশির মঞ্চ। গৌতম ভট্টাচার্যের অনুরোধে বহুদিন পর মঞ্চে গান গাইলেন সুবোধ সরকার।

একই দিন বিকেলে আয়োজিত হয়েছিল আরও একটি অনুষ্ঠান। “আমার কবিতাজীবনে লিটল ম্যাগাজিনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছি”– ষাট পেরিয়ে বললেন সুবোধ সরকার। রবিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিকেল পাঁচটায় সহজ, ঘাষের আড্ডা, শাব্দসাঁকো ইত্যাদি কয়েকটি লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে একটি কবিতা সন্ধ্যার আয়োজন করা হয় জীবনানন্দ সভাঘরে। এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক উজ্জ্বল তরুণ কবি সৌরভ চন্দ্র।
উপস্থিত ছিলেন কবি শ্যামলকান্তি দাশ। সুবোধের কথা বলতে গিয়ে তিনি বলেন– “জয় গোস্বামীর বাড়িতে সুবোধের সঙ্গে আমার পরিচয়। তখন সুবোধ ক্লাস টেনে পড়ে”। শ্যামলকান্তির কথায় উঠে আসে নানা মজার ঘটনা। সুবোধ সম্পর্কে বলেন, কবি পবিত্র মুখোপাধ্যায়, মৃণাল বসু চৌধুরী এবং আরও অনেকে। প্রকাশিত হয় কবি পূণ্যশ্লোক দাশগুপ্তর শেষতম কবিতার বই ‘উডবার্ণ ওয়ার্ড’। উত্তর শিলালিপি থেকে প্রকাশিত বইটি উৎসর্গীত হয়েছে সুবোধ সরকার ও ইন্দ্রনীল সেনের নামে।
ষাট পেরিয়ে কবি সুবোধ সরকার kolkata24x7.com-কে বলেন– “এবার থেকে আমার বয়স কমবে। আগামী ২৮ অক্টোবর আমার বয়স হবে ৫৯। তার পরের বছর ৫৮। এইভাবে আমার বয়স ক্রমশ কমতে থাকবে”!
The post সিনিয়র সিটিজেন সুবোধ, জন্মদিনের মঞ্চে পাঠ করলেন জয়ের কবিতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PZfu6d
via IFTTT
Comments
Post a Comment