না খেলেই বাদ মায়াঙ্ক, উপেক্ষিত নায়ারও

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক মায়াঙ্ক আগরওয়ালের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা দীর্ঘদিনের৷ এহেন ডানহাতি কর্ণাটকীকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা করে দেন জাতীয় নির্বাচকরা৷ তবে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি মায়াঙ্কের৷

অস্ট্রেলিয়ার সফরের পরবর্তী টেস্ট সিরিজের জন্য এমএসকে প্রসাদরা আঠারো সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেও অদ্ভূতভাবে জায়গা হয়নি আগরওয়ালের৷ অর্থাৎ মাঠে নামার সুযোগ না পেয়েই জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি৷

আরও পড়ুন: ভারতীয় দল থেকে বাদ পড়লেন ধোনি

ঠিক এভাবেই ইংল্যান্ড সফরে একটিও ম্যাচে সুযোগ না পাওয়া করুণ নায়ার বাদ পড়েছিলেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে৷ সেই নায়ারকেও রাখা হয়নি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ঢুকেছিলেন পেসার মহম্মদ সিরাজ৷ তিনিও নেই অস্ট্রেলিয়াগীমী দলে৷ যদিও প্রথমসারির পেসারদের বিশ্রাম দেওয়া হয়েছিল বলেই শিকে ছিঁড়েছিল সিরাজের ভাগ্যে৷ তাই অস্ট্রেলিয়া সফরে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে আশ্চর্য্যের কিছু নেই৷

আরও পড়ুন: ভারতীয় দল থেকে বাদ পড়লেন ধোনি

ইংল্যান্ড সফরের শেষ দু’টি টেস্ট এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেও কাউন্টির পারফরম্যান্স দিয়ে দলে ফিরে এলেন মুরলি বিজয়৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতোই অস্ট্রেলিয়া সফরেও শিখর ধাওয়ানকে টেস্ট দলের জন্য বিবেচনা করেননি নির্বাচকরা৷ লোকেশ রাহুল অফ ফর্মে থাকলও তাঁর উপর আস্থা রেখেছেন প্রসাদরা৷

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় দলের তিনজন ওপেনার হলেন লোকেশ রাহুল, মুরলি বিজয় ও নবাগত পৃথ্বী শ৷ পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মাও৷ ঋষভ পন্ত প্রথম উইকেটকিপার হিসাবে দলে জায়গা ধরে রেখেছেন৷ রিজার্ভ উইকেটকিপার হিসাবে পুনরায় ডাক পেয়েছেন পার্থিব প্যাটেল৷ বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা৷

আরও পড়ুন: চোটের জন্য ছিটকে গেলেন পৃথ্বী

টেস্টে পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারতীয় দল৷ স্কোয়াডে পাঁচজন পেসার হলেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ। অশ্বিন-জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে জায়গা ধরে রেখেছেন কুলদীপ৷

অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দল:
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), মুরলি বিজয়, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ।

The post না খেলেই বাদ মায়াঙ্ক, উপেক্ষিত নায়ারও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OTuc2e
via IFTTT

Comments