ফের এটিএম প্রতারণা, এবার মালদহে ধৃত ৩

স্টাফ রিপোর্টার, মালদহ: বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জেলায় ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির কয়েকটি চক্র বেশ সক্রিয়ভাবে কাজ করছিল৷ পুলিশের কাছে পুরোপুরি তথ্য থাকলেও, সঠিক প্রমাণের অভাবে চক্রগুলিকে ধরতে পারছিল না৷ কিন্তু এর মধ্যে একটি চক্রকে ধরে বড়সড় সাফল্য পেল মালদহ মানিকচক থানার পুলিশ৷

বৃহস্পতিবার গভীর রাতে মালদহের ডোমহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ৷ সেখান থেকেই চক্রের তিন যুবককে গ্রেফতার করা গিয়েছে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৩টি ক্যালকুলেটর, ৩৪টি এটিএম কার্ড, ৪২টি পাসবই, ৪১টি চেকবই, ১৫টি স্ট্যাম্প৷ পাশাপাশি উদ্ধার হয়েছে ২টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ২টি প্রিন্টার৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দীপক মণ্ডল (২৭), দীপঙ্কর পাল (২০) ও পাপ্পু মণ্ডল (২২)৷ দীপক ও দীপঙ্কর দুজনেই মালদহ ডোমহাট এলাকার বাসিন্দা৷ তবে যে বাড়ি থেকে এই চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে সেটি দীপক মণ্ডলের বাড়ি৷ পাপ্পুর বাড়ি মালদহের জোটপাট্টায়৷

কিভাবে পুরো এটিএম জালিয়াতি করা হত, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনার নেপথ্যে কোন বড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্তাদের অনুমান অল্পবয়সী যুবকদের নেপথ্যে অন্য কোন বড় মাথা রয়েছে৷ যদিও বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ কর্তারা। পুরো ঘটনাটির তদন্তে নেমেছে মালদহ মানিকচক থানার পুলিশ৷

The post ফের এটিএম প্রতারণা, এবার মালদহে ধৃত ৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z8c9dF
via IFTTT

Comments