জঙ্গি সংঘর্ষে অনেক জওয়ান হারিয়েছে সেনা: বিপিন রাওয়াত

নয়াদিল্লি: আবারও অশান্ত হয়ে উঠছে কাশ্মীর৷ পরপর জঙ্গি হামলায় শহিদ হয়েছেন সেনা ও নিরাপত্তা কর্মীরা৷ জওয়ানদের মৃত্যু বাহিনীর কাছে অপূরণীয় ক্ষতি বলে মেনে নিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ সোমবার রাজধানী দিল্লিতে তিনি জানান, জম্মু কাশ্মীরে জঙ্গি সংঘর্ষে অনেক সেনার মৃত্যু হয়েছে৷ কেন এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে৷ এর জন্য স্নাইপার হামলা দায়ী কিনা তা এখনও বলার সময় আসেনি৷ তবে এখনও অবধি হামলার জায়গাগুলি থেকে স্নাইপার অস্ত্র খুঁজে পাওয়া যায়নি৷

সম্প্রতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে জঙ্গি হামলায় জম্মু কাশ্মীরে তিন জওয়ান শহিদ হন৷ যে ধরনের হামলা তারা ঘটিয়েছিল তাকে স্নাইপার হামলা বলা হচ্ছে৷ বর্তমানে জয়েশ-ই-মহম্মদ জঙ্গিরা ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর উপর আঘাত হানতে এই নয়া হামলার পদ্ধতি প্রয়োগ করছে৷ যা এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে সেনাশিবিরে৷ পরপর হামলায় দেখা গিয়েছে, অবসর সময়ে ক্যাম্পাসে জওয়ানরা যখন মোবাইল ফোনে তাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলতে ব্যস্ত তখন নিকটবর্তী পাহাড়ের উঁচুস্থান থেকে তাদের উপর হামলা করা হয়েছে৷ এই ধরনের হামলা রুখতে ভারতীয় সেনাকেও তাদের রণনীতিতে বদল আনতে হচ্ছে৷ ক্যাম্পাসে থাকা জওয়ানদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে৷

এই ধরনের প্রথম হামলাটি হয়েছিল পুলওয়ামাতে৷ ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় আহত হন এক সিআরপিএফ জওয়ান৷ প্রথমে হামলাটিকে সাধারণ হামলা মনে হলেও পরবর্তীকালে তিন জওয়ানের মৃত্যুর পর হামলার ধরন দেখে সন্দেহ হয় ভারতীয় সেনার৷ এরপরই হামলাগুলি স্নাইপার অ্যাটাক বলে করতে শুরু করে নিরাপত্তা বাহিনী৷

বিভিন্ন ইনটেলিজেন্স এজেন্সির রিপোর্টের ভিত্তিতে জানা যায়, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ করে দুটি জঙ্গি দল৷ যারা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে আধুনিক অস্ত্রে প্রশিক্ষিত৷ সেই সব অত্যাধুনিক অস্ত্র নিয়েই এরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় স্নাইপার হামলা চালাচ্ছে৷ এর মধ্যে যেমন রয়েছে এম-৪ কার্বাইন৷ এই অত্যাধুনিক অস্ত্র আফগানিস্তানে তালিবান ও আইসিস জঙ্গি দমনে ব্যবহার করে ন্যাটো বাহিনী৷ আবার পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সও এই অস্ত্র ব্যবহার করে থাকে৷ স্বাভাবিকভাবেই এই স্নাইপার জঙ্গিদের বড়সড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে পুলিশ ও সেনাবাহিনী৷

The post জঙ্গি সংঘর্ষে অনেক জওয়ান হারিয়েছে সেনা: বিপিন রাওয়াত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yDqcbI
via IFTTT

Comments