সনিকে নিয়ে আবেগে ভাসল বাগান জনতা

কলকাতা: কথা দিয়ে গিয়েছিলেন, সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করলেন সনি নর্দি। সোমবার মধ্যরাতে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই কলকাতার মাটি ছুঁল সনির বিমান। আক্ষরিক অর্থেই যা হয়ে রইল ‘ঘরের ছেলের ঘরে ফেরা’। আর ঘরের ছেলে ঘরে ফিরতেই বিমানবন্দরে নেমে এল আবেগের মহাপ্রলয়। আর মধ্যরাতে সনিকে ঘিরে সেই আবেগের মহাপ্রলয় রয়ে যাবে ইতিহাস হয়েই।

সোমবার মধ্যরাতে ২:১০ মিনিট নাগাদ কলকাতার মাটি ছোঁয়ার কথা ছিল সনির বিমানের। যা নির্ধারিত সময়ের খানিক আগেই ছুঁল কলকাতা বিমানবন্দরের রানওয়ে। কিন্তু ওই সময়েও ২০০০-২৫০০ বাগান সমর্থক মজুত ছিলেন বিমানবন্দরে। আর নয়নের মণি সনি নর্দি’কে ঘিরে তাদের আবেগের যা বিচ্ছুরণ, তাতে করে সনি যখন বিমানবন্দরের বাইরে বেরোলেন ঘড়ির কাঁটা তখন ২:৪০ ছুঁয়েছে।

বাগান সমর্থকদের সামলাতে রীতিমত হিমশিম খেলেন সিআরপিএফ জওয়ানেরা। বিমানবন্দরের বাইরে সমর্থকদের আবেগ-আকুতিতে ঘাবড়ে গিয়েছিলেন হাইতিয়ান ম্যাজিশিয়ান নিজেও। তাই প্রথমটায় সনিও বাইরে বেরিয়ে ফের কর্তাদের সঙ্গে ভেতরে ঢুকে যান। কিন্তু তাঁকে ঘিরে সমর্থকদের আবেগ তো এত সহজে শেষ হওয়ার নয়, তাই শেষমেষ সব হাসিমুখে সহ্য করেই ভালবাসার অত্যাচারে মিশে গেলেন তিনি।

ওদিকে প্রাণাধিক প্রিয় এস এন সিক্সটিন’কে পেয়ে ততক্ষণে আবেগের বাঁধ ভেঙেছে মেরিনার্সদের। তাঁকে একবার ছুঁয়ে দেখার, চাক্ষুস করার কিংবা সেলফি তোলার প্রবল আর্তি তখন ঘিরে ধরেছে সমর্থকদের। দশ মাস আগে চোখের জলে বিদায় নিয়েছিলন, কিন্তু কথা রেখে ঘরের ছেলে যে আজ ফিরে এসেছে ঘরে। তাই তাঁকে ঘিরে স্পেশাল কিছু করবেন না সমর্থকেরা, সে আবার হয় নাকি?

ফুল-মালা কিংবা উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার পালা তো ছিলই। কিন্তু মধ্যরাতে সমর্থকেরা যা করলেন, তা ভাষায় ব্যাখ্যা করা যায় না। বিমানবন্দর থেকে বাইকে চেপে সনিকে এসকর্ট করে নিয়ে গেলেন একদল বাগান জনতা। যাতে হয়তো মোহনবাগানকে আরও আপন করে নিলেন হাইতিয়ান ম্যাজিশিয়ান।

The post সনিকে নিয়ে আবেগে ভাসল বাগান জনতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PifbWU
via IFTTT

Comments