সোমেন মিত্রের নেতৃত্বে আজ সিবিআই দফতর ঘেরাও করবে প্রদেশ কংগ্রেস

দেবযানী সরকার, কলকাতা: সিবিআই ডিরেকটর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ঝড় তুলতে চলেছে কংগ্রেস৷ তাদের অভিযোগ রাফায়েল দুর্নীতিকে ঢাকতেই অলোক বর্মাকে সরিয়ে দিয়েছে মোদী সরকার৷ হাইকম্যান্ডের নির্দেশে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতর ঘেরাও করবে প্রদেশ কংগ্রেস৷নেতৃত্বে থাকবেন সভাপতি সোমেন মিত্র৷

বুধবার অলোক বর্মাকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী৷ ওইসময় তিনি রাজস্থানের ঝালাওয়ারে এক নির্বাচনী জনসভায় ছিলেন৷ সেখান থেকে সিবিআই কাণ্ড নিয়ে তোপ দেগে বলেন, ‘রাফায়েল দুর্নীতি’র নথিপত্র জড়ো করতে শুরু করেছিলেন অলোক বর্মা, সে সব চাপা দিতেই অলোক বর্মার হাত থেকে কেড়ে নেওয়া হল সিবিআই-এর শীর্ষপদ৷ লোকসভা নির্বাচনের আগে এটাকেই ইস্যু করতে চাইছে কংগ্রেস৷ এআইসিসি সমস্ত প্রদেশ নেতৃ্ত্বকে এই ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পরার নির্দেশ দিয়েছে বলে দলীয় জানা গিয়েছে৷

বুধবারই শীর্ষ আদালতে মোদী সরকারকে একহাত নিয়েছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অলোক বর্মা। তিনি জানান, রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। সংস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেন্দ্র।

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকেও ছুটিতে পাঠানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে প্রদেশ কংগ্রেস৷ তারা মনে করছে এতে রাজ্যের সারদা-নারদা তদন্ত থমকে যেতে পারে৷প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেসের সুবিধে হল৷ রাফায়েলের পাশাপাশি সারদা-নারদা তদন্তটাও আমরা ইস্যু করব৷

উল্লেখ্য, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার রাকেশ আস্থানাকে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর করে নিয়ে আসা হয়৷ পশ্চিমবঙ্গের ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের তদারকি অফিসার ছিলেন তিনি৷ দায়িত্ব পাওয়ার পর আস্থানা কলকাতায় এসে রাজ্যের তদন্তকারী অফিসারদের সঙ্গে মিটিং করেন৷ তিনি তদন্তের অগ্রগতি আনার চেষ্টা করেছিলেন৷

চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া বেশ কয়েকজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নতুন করে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়৷ রাজ্যের আইপিএস অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়৷ রাজ্যের কাছে নতুন করে সারদা বিষয়ক নথি চাওয়া হয়৷ এছাড়াও নারদাকান্ডের রিপোর্ট জমা পড়েছিল তৎকালীন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার কাছেই৷

The post সোমেন মিত্রের নেতৃত্বে আজ সিবিআই দফতর ঘেরাও করবে প্রদেশ কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O4N2y8
via IFTTT

Comments