নির্বাসনের ছ’বছর পর দোষ স্বীকার কানেরিয়ার
লন্ডন: স্পট ফিক্সিং কান্ডে জড়িত থাকার কথা অবশেষে নিজে মুখেই স্বীকার করে নিলেন পাক লেগস্পিনার দানিশ কানেরিয়া। কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে খেলার সময় সতীর্থ মার্ভিন ওয়েস্টফিল্ডকে স্পট ফিক্সিং কান্ডে জড়ানোর কথাও বৃহস্পতিবার স্বীকার করে নেন প্রাক্তন এই পাক স্পিনার। ২০১২ ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তৃক আজীবন নির্বাসনের ছয় বছর পর এদিন গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কানেরিয়া।
২০০৯ ডারহামের বিপক্ষে ইংলিশ কাউন্টির ম্যাচে এক বুকির থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন ওয়েস্টফিল্ড। পরিবর্তে ওই বুকির সঙ্গে একটি ওভারে বড় অঙ্কের রান দেওয়ার চুক্তি হয়েছিল তাঁর। এই গোটা বিষয়টি মধ্যস্থতা করেছিলেন দানিশ কানেরিয়া। পরে ওই ফিক্সিং কান্ডে দোষী প্রমাণিত হয়ে চার মাসের কারাদন্ড হয় ওয়েস্টফিল্ডের।
২০১২ জুনে মধ্যস্থতাকারী হিসেবে এই ফিক্সিং কান্ডে জড়িত থাকার অপরাধে কানেরিয়াকে আজীবন নির্বাসিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অভিযোগ, ওয়েস্টফিল্ডকে অচেনা ওই বুকির থেকে টাকা নিতে বাধ্য করেছিলেন কানেরিয়া। তবে সেদেশের ক্রিকেট বোর্ড কর্তৃক নির্বাসিত হলেও ঘটনায় জড়িত থাকার কথা লাগাতার অস্বীকার করে যান এই লেগস্পিনার।
অবশেষে বৃহস্পতিবার পাকিস্তানের এক শীর্ষ সংবাদমধ্যমের কাছে স্পট ফিক্সিং কান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে নিলেন কানেরিয়া। একটি বিবৃতিতে তিনি জানান, ‘আমি দানিশ কানেরিয়া। স্বীকার করে নিচ্ছি যে, ২০১২ আমার বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আনা অভিযোগ দুটি একেবারেই সত্য।’ ৩৭ বছর বয়সী ওই লেগস্পিনারের আরও সংযোজন, ‘সত্যিটা এতদিন স্বীকার করার শক্তি আমার ছিল না। কিন্তু মিথ্যে সঙ্গী করে সারাজীবন বেঁচে থাকা সম্ভব নয়।’
পাশাপাশি এসেক্সে তাঁর সতীর্থ ওয়েস্টফিল্ড, এসেক্স ক্রিকেট ক্লাব, ক্লাবের ক্রিকেট অনুরাগী এবং সর্বোপরি তাঁর দেশের ক্রিকেট অনুরাগীদের থেকে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কানেরিয়া। দেশের জার্সি গায়ে পাক এই লেগস্পিনারের টেস্ট কেরিয়ার বেশ ঈর্ষণীয়। ৬১ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২৬১। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে কানেরিয়া শেষ টেস্টটি খেলেছিলেন ২০১০।
The post নির্বাসনের ছ’বছর পর দোষ স্বীকার কানেরিয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2COxMEc
via IFTTT
Comments
Post a Comment