রবীন্দ্রপ্রেমী মুক্তিযোদ্ধাদের চিকিৎসক ‘ফাদার’ সমাহিত হবেন বাংলাদেশে

ঢাকা ও রোম: ইউরোপ থেকে এশিয়া দুটি মহাদেশকে এক সূত্রে বেঁধেছেন তিনি৷ এসেছিলেন সুদূর ইতালি থেকে৷ মনে প্রাণে গ্রহণ করেছিলেন বাংলাদেশকে৷ এমনই রবীন্দ্রপ্রেমী মু্ক্তিযোদ্ধাদের অক্লান্ত চিকিৎসক ‘ফাদার’ মারিনো রিগন তাঁর শেষ ইচ্ছে অনুসারে সমাহিত হবেন বাংলাদেশে৷

জন্ম ও নাগরিকত্ব সূত্রে ইতালীয়৷ কিন্তু আবেগ সূত্রে বাংলাদেশি৷ খ্রিষ্টান ধর্ম প্রচারক গোপনে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করছেন নিরলসভাবে৷ তাঁর পরিচালনায় ইতালিয়ান ভাষায় অনূদিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলী’সহ প্রায় ৪০টি কাব্য, জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ ও অন্যান্য কাব্যগ্রন্থ, লালনের গানসহ অসংখ্য সাহিত্যকর্ম। এমনই বিরল ব্যক্তিত্ব ফাদার মারিনো রিগনের দেহাবশেষ যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে সমাহিত করা হবে৷

ইতালি থেকে তাঁর দেহাবশেষ আনা হচ্ছে ঢাকায়৷ বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত ফাদার রিগন ২০১৭ সালে ইতালিতে প্রয়াত হন৷ তাঁর শেষ ইচ্ছে ছিল বাংলাদেশেই সমাহিত হওয়ার৷ সেই ইচ্ছেকে মর্যাদা দিয়ে তৈরি হয়েছে বিশেষ সমাধিস্থল৷

মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফ্রেব্রুয়ারি ইতালির ভেনিসের অদূরে ভিন্নাভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মযাজক হিসেবে তিনি ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন৷ প্রত্যন্ত অঞ্চলে ঘুরে শেষে তিনি খুলনা বিভাগের মোংলার কাছে শেলাবুনিয়া গ্রামে একটি চার্চ ও একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং ওই গ্রামেই তার স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন৷ মুক্তিযুদ্ধের প্রতি ছিল তার অকুণ্ঠ সমর্থন।

যুদ্ধ চলাকালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে নিজের প্রতিষ্ঠিত চার্চে গোপনে একটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছিলেন। তার এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়ে অনেক মুক্তিযোদ্ধা সুস্থ হয়ে পুনরায় লড়াইয়ে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধে ফাদার মারিনো রিগনের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। এরপর ২০১২ সালে দেয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।

মোংলার সেই চার্চের মাটিতেই সমাহিত হবেন ফাদার রিগন৷

The post রবীন্দ্রপ্রেমী মুক্তিযোদ্ধাদের চিকিৎসক ‘ফাদার’ সমাহিত হবেন বাংলাদেশে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yQSr6a
via IFTTT

Comments